ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিনের অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৬, ১৬ নভেম্বর ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিনের অগ্রগতি
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ- ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ার পর গুরুত্বপূর্ণ অর্জনের তালিকা করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কমিশন যে প্রতিবেদন জমা দেবে সে বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে।

প্রেস সচিব বলেন, দশটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশনগুলো তাদের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেবে।

এ পর্যন্ত অর্জিত সাফল্য সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করে শফিকুল আলম বলেন, ‘একবার দেশের জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ঐকমত্য গড়ে উঠলে, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে।’

Advertisement

আলাদাভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন ও গ্রহণযোগ্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।

শফিকুল আলম বলেন, নির্বাচন কমিশন গঠিত হলে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হবে।

প্রেস সচিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ অর্জনগুলো তুলে ধরেন।

তার মতে, মূল অর্জনগুলো হলো-মসৃণ উত্তরণ, জুলাই-আগস্টের গণহত্যার জন্য জবাবদিহি ও ন্যায়বিচার, বড় ধরনের অর্থনৈতিক পুনরুদ্ধার, সংস্কার রোডম্যাপ, বিপুল বৈশ্বিক সমর্থন, দুর্নীতি শূন্য, অস্থিরতা ও সংকটের দক্ষ ও শান্তিপূর্ণ ব্যবস্থাপনা, পররাষ্ট্রনীতিতে নতুন দিকনির্দেশনা এবং সাংস্কৃতিক পুনর্জাগরণ।

প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনূস বারবার সার্ক পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন। আসিয়ানের সদস্যপদ লাভের জন্যও সক্রিয় পদক্ষেপ নিয়েছেন।

ইউনূস বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ, তবে তা হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে।

ক্যাম্পগুলোর ওপর চাপ কমাতে রোহিঙ্গাদের তৃতীয় দেশগুলোতে পুনর্বাসন দ্রুত করা হয়েছে।

রোহিঙ্গা সংকট নিয়ে নতুন দিকনির্দেশনার জন্য জাতিসংঘের নেতৃত্বে নতুন সম্মেলন আহ্বান করেছেন অধ্যাপক ইউনূস।

প্রেস সচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রত্যাশা পূরণ করা। বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে অনেক দল রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত আলোচনার মাধ্যমে সেসব মোকাবিলা করেছে।

বিক্ষোভ দমনে বল প্রয়োগের ঘটনা বিরল উল্লেখ করে আলম বলেন, স্থানীয়ভাবে অস্থিরতার কারণে পোশাক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘কিছু সমস্যা এখনো রয়েছে, কিন্তু সেগুলো আমাদের রফতানি কার্যক্রমে প্রভাব ফেলেনি।’

প্রেস সচিব বলেন, শেষ ১০০ দিনে সমাজে অভূতপূর্ব বিরোধী মত প্রকাশ করতে দেখা গেছে।

সূত্র: ইউএনবি

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!