এক হাসনাত মরলে হাজারো হাসনাত দাঁড়াতে প্রস্তুত: সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গাড়িচাপা দেওয়ার প্রতিক্রিয়ায় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ষড়যন্ত্র করে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করে লাভ নেই। এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এ প্রতিক্রিয়া জানান তিনি।
সারজিস আলম বলেন, চট্টগ্রাম থেকে গতকাল রাতেই অন্য গাড়িতে করে ঢাকা ব্যাক করলাম ৷ পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে এলাম। এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পেছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে! এসব ষড়যন্ত্র আর কত? কয়জন হাসনাতকে মারবেন?
.png)
তিনি আরো বলেন, মনে নেই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে! কিন্তু পিছু হটেনি। একইভাবে একজন হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত। নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না। এ প্রজন্ম মাথা নোয়াবার নয়। আমরা মরতে শিখে গিয়েছি।
এর আগে, বুধবার রাতে হাসনাত আব্দুল্লাহ পোস্ট করেন, মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।