ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জানুয়ারিতে আরো ৫০ মডেল মসজিদ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৪, ২৭ ডিসেম্বর ২০২৪
জানুয়ারিতে আরো ৫০ মডেল মসজিদ উদ্বোধন
ফাইল ফটো

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানুয়ারিতে আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার চট্টগ্রাম জেলা মডেল মসজিদ পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।

এদিন ধর্ম উপদেষ্টা মসজিদের মাঠে মারকাজুল হাফেজাত ইন্টারন্যাশনাল মাদরাসার আন্তর্জাতিক পুরস্কার পাওয়া হাফেজ ও হাফেজাদের হাতে সম্মাননা তুলে দিয়ে বলেন, কোরআনের উর্বর ভূমি হলো বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনে হাফেজরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। ২০২৪ সালে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে অবদান রেখেছেন এক নারীসহ ১৫ জন কোরআনের হাফেজ। সৌদি আরব, মিশন, তুরস্ক ও ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত আন্তর্জাতিক কোরআন ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এই হাফেজরা।

Advertisement

প্রসঙ্গত, সব জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এখন পর্যন্ত ৩০০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে।

২০২১ সালের ৭ ডিসেম্বর প্রথম পর্যায়ে, ২০২৩ সালের ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে, ১৬ মার্চ তৃতীয় পর্যায়ে, ১৭ এপ্রিল চতুর্থ পর্যায়ে এবং ৩০ জুলাই পঞ্চম পর্যায়ে ৫০টি করে মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়।

সবশেষ ৩০ অক্টোবর ৫০টি মসজিদ উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে ৩০০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিকেন্দ্র উদ্বোধন করা হয়।

দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের প্রকল্পের এ ক্যাটাগরির অধীনে, ৬৪টি জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় লিফট সুবিধা এবং ২ হাজার ৩৬০ বর্গ মিটার প্রতিটি ফ্লোর স্পেসসহ প্রায় ৬৯টি চারতলা মসজিদ নির্মাণ করার পরিকল্পনা করা হয়। ‘বি’ ক্যাটাগরির অধীনে, প্রতিটি ১ হাজার ৬৮০ বর্গ মিটার ফ্লোর স্পেস দিয়ে ৪৭৫টি মসজিদ তৈরি করার পরিকল্পনা করা হয় এবং উপকূলীয় অঞ্চলে ‘সি’ ক্যাটাগরির অধীনে ১৬টি মসজিদের প্রতিটি ২ হাজার ৫২ বর্গ মিটার মেঝে তৈরি করার পরিকল্পনা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: মডেল মসজিদ
লিংক সফলভাবে কপি হয়েছে!