বাড়ল গণঅভ্যুত্থানে শহিদ-আহতদের তালিকাভুক্তির সময়
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত নাম তালিকাভুক্তির আবেদন করা যাবে। প্রথম ধাপের তালিকায় যাদের নাম বাদ পড়েছে তারা নতুন করে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন।
বুধবার গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে যারা শহিদ বা আহত হয়েছেন তাদের নামের প্রথম ধাপের চূড়ান্ত তালিকা এরই মধ্যে https://medical-info.dghs.gov.bd/public ওয়েব পেজে প্রকাশ করা হয়েছে।
.png)
গণঅভ্যুত্থানকালীন ১৫ জুলাই হতে ৫ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে প্রতিপক্ষের আক্রমণে যারা শহিদ বা আহত হয়েছেন কিন্তু উল্লিখিত প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হননি এমন ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট শহিদ ও আহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং উপযুক্ত অন্যান্য কাগজপত্রসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন অথবা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা বরাবর আগামী ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।