বাংলাদেশ-ভারতের ১৮৫ জেলে ও ৮ নৌযান হস্তান্তর সম্পন্ন
ভারতে আটক ৯০ বাংলাদেশি জেলে ও বাংলাদেশে আটক ৯৫ ভারতীয় জেলের হস্তান্তর সম্পন্ন হয়েছে। একই সঙ্গে দুই দেশের আটককৃত ৮টি নৌযানও হস্তান্তর করা হয়েছে। রোববার পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় এ হস্তান্তর হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশি জেলেকে গ্রহণ করে এবং ৯৫ জন ভারতীয় জেলেকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। একই সঙ্গে দুই দেশের আটককৃত নৌযানগুলোর হস্তান্তরও সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামে দুটি ফিশিং ভেসেল ফেরত আনা হয়েছে। অন্যদিকে, ভারতের ৬টি ফিশিং বোট ফিরিয়ে দেওয়া হয়েছে।
আরো জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদফতর ও বিজিবির প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মাধ্যমে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশি জেলেরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামের পথে যাত্রা শুরু করেছেন। সোমবার তারা চট্টগ্রামে পৌঁছাবেন। প্রত্যাবাসিত জেলেদের পরিবারের সদস্যরা চট্টগ্রামে তাদের গ্রহণ করবেন এবং এর মাধ্যমে প্রত্যাবাসন কার্যক্রম সমাপ্ত হবে।
.png)