ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জের নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, আমরা আশা করছি ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। যেসব জায়গায় ব্যত্যয় ঘটতে পারে, যেখানে যানজট তৈরি হয়, সড়কে শৃঙ্খলা থাকে না- সেখানেই ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, আমি নিশ্চিত করতে চাই এবার সবকিছু সুন্দরভাবে হবে। ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ সব সংস্থা স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে তৎপর থাকবে।

শীতলক্ষ্যা নদীর দূষণের বিষয়ে তিনি বলেন, নদী দূষণের ব্যাপারে আমরা পরিবেশ মন্ত্রণালয়কে অবগত করব। আমাদের জায়গা থেকেও কিছু করণীয় আছে। সেগুলো চিহ্নিত করে আমাদের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেয়া দরকার, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নেব।

তিনি আরো বলেন, লাইটার জাহাজে ভোগ্যপণ্য রাখা হয়, বাজারে সংকট করার জন্য। এটা দেখার জন্য এসেছি। লাইটার জাহাজে গম পেয়েছি। নির্দিষ্ট সময়ে পণ্য খালাস না করে রেখে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!