ঈদের ছুটিতে রাজধানীর ব্যস্ত রাজপথগুলো এখন প্রায় যানশূন্য। ঢাকা শহরের চিরচেনা যানজট ও কোলাহল নেই, আবাসিক এলাকাগুলোতেও নেমে এসেছে নীরবতা। কারণ ঈদ উদযাপনে গ্রামের বাড়িতে ফিরেছেন বিপুল সংখ্যক মানুষ।
বিশেষ করে বাণিজ্যিক এলাকা মতিঝিল ও দিলকুশাতে এখন একেবারেই সুনসান পরিবেশ।
.png)
ডিএমপি সূত্র জানায়, ঈদ উপলক্ষে এক কোটিরও বেশি মানুষ ঢাকা ছেড়েছেন। ফলে ফাঁকা শহরে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বেড়ে যাওয়ায় আগে থেকেই নিরাপত্তা পরিকল্পনা জোরদার করা হয়েছে।
রাজধানীর প্রতিটি থানা এলাকাকে ছোট ছোট বিটে ভাগ করে নজরদারি বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাতের টহলও বাড়ানো হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, যেসব এলাকায় আগে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেগুলোতে নিয়মিত ও ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে। পূর্বে অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতেও অভিযান চলছে।
এদিকে ফাঁকা রাস্তায় বেপরোয়া যান চলাচল ঠেকাতে ৩০০ ফিট সড়ক এলাকাসহ বিভিন্ন স্থানে মোটরসাইকেল ও প্রাইভেটকারের অবৈধ রেসিং নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি আরো জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সার্বিকভাবে ঈদ ছুটিতে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।