ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

গুমের ঘটনায় বিচার হবে: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫২, ২৯ আগস্ট ২০২৬
গুমের ঘটনায় বিচার হবে: ইশরাক হোসেন
সংগৃহীত ছবি

বাংলাদেশে গুমের দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, দেশ একটি ভয়াবহ কালো অধ্যায় অতিক্রম করেছে এবং আগামী দিনে ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় সরকার।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান উপস্থিত ছিলেন।

ইশরাক হোসেন বলেন, বিগত বছরগুলোতে বিএনপি বিরোধী দলে থাকা অবস্থায় দলটির বহু নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। এবারই প্রথমবারের মতো সরকারি দল হিসেবে বিএনপি আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করতে যাচ্ছে।

তিনি জানান, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। গত দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি ও অন্যান্য দলের যেসব নেতাকর্মী বা ব্যক্তি গুমের শিকার হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, গুম, বলপূর্বক গুম বা অন্তর্ধান—যে নামেই বলা হোক, এ ধরনের মানবতাবিরোধী অপরাধ আর বাংলাদেশে ঘটতে দেওয়া হবে না। অতীতে গুমের যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর বিচার করা হবে এবং সরকার সে লক্ষ্যেই কাজ করছে।

আওয়ামী লীগ নেতাদের বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, প্রতিটি হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে অভিযুক্তদের বিচার করা হবে।

তিনি বলেন, দেশের মানুষের দাবি অনুযায়ী অভিযুক্তদের সর্বোচ্চ বিচার ও শাস্তি নিশ্চিত এবং তা কার্যকর করার লক্ষ্যেই সরকার কাজ করছে।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ নেতাদের আটক রাখা হয়েছে—এমন অভিযোগও নাকচ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে আটকে রাখা হয়েছে—এ কথা বলার কোনো সুযোগ নেই।

ডেইলি-বাংলাদেশ/এ আর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!