ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

হেলিকপ্টারে সুন্দরবন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০০, ২২ অক্টোবর ২০২৬
হেলিকপ্টারে সুন্দরবন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

হেলিকপ্টারে করে সুন্দরবন ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বনের প্রাণপ্রকৃতির ক্ষতি এড়াতে তার হেলিকপ্টারটি সুন্দরবনের কোথাও অবতরণ করেনি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি সুন্দরবনের আকরাম পয়েন্ট, হিরণ পয়েন্ট ও ত্রিকোণ আইল্যান্ডের আশপাশ দিয়ে উড়ে যায়। পরে হেলিকপ্টারটি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, হেলিকপ্টারের শব্দ বনের প্রাণী ও পরিবেশের জন্য ভালো নয়। এ কারণে প্রধানমন্ত্রীর হেলিকপ্টারটি সুন্দরবনের কোথাও নামানো হয়নি।

সুন্দরবন ঘুরে দেখার পর নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে নৌপথে বাগেরহাটের মোংলায় যান তিনি।

বিকালে প্রধানমন্ত্রী মোংলা আন্তর্জাতিক সমুদ্রবন্দর ও এর জেটি পরিদর্শন করেন। এরপর মোংলায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জায়গা ঘুরে দেখেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/একেকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!