ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পলায়নকৃত স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০১, ১ সেপ্টেম্বর ২০২৬
পলায়নকৃত স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পলায়নকৃত স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে এবং বিদ্যুৎ ব্যবস্থা বিদেশিদের হাতে তুলে দিয়েছে। তারা বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করে বর্তমানে বিদেশে আরাম-আয়েশে জীবনযাপন করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আনন্দ র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের মানুষের প্রকৃত আকাঙ্ক্ষাকে সম্মান করতে হবে এবং তাদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের প্রতিটি মানুষের দাবি ও প্রয়োজনের প্রতি নজর রেখে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে দাঁড়াতে হবে।

Advertisement

তিনি বলেন, মানুষের সঙ্গে থেকে তাদের সমস্যা সমাধানে সহযোগিতা করতে হবে। যারা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর যারা পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত, তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

মাদক প্রতিরোধে সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জুয়ার বিরুদ্ধেও গণআন্দোলন সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষকে এমনভাবে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো গুপ্ত বাহিনী বা স্বৈরাচার দেশের মানুষের ওপর পাথরের মতো চেপে বসতে না পারে।

দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!