বুধবার রাত ৯টার দিকে নিজ বাসা থেকে শেখ বাদশাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের খবর ছড়িয়ে পড়ার পরপরই শ্রমিকরা বিভিন্ন সড়কে বাস-ট্রাক আড়াআড়ি করে রেখে অবরোধ শুরু করেন। একই সঙ্গে কোতোয়ালি থানার সামনে জড়ো হয়ে বাদশার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তাঁরা।
শ্রমিকদের অবরোধের কারণে দিনাজপুর জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটের পাশাপাশি ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
.png)
শ্রমিকরা জানান, আগামী ১৯ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাঁদের অভিযোগ, জনপ্রিয় শ্রমিক নেতা শেখ বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে আটক করা হয়েছে।
এ কারণে কোতোয়ালি থানার সামনে বাস-ট্রাক রেখে ব্যারিকেড দেওয়ার পাশাপাশি দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীরবন্দরসহ বিভিন্ন স্থানেও অবরোধ করা হয়েছে বলে জানান শ্রমিক নেতারা।
শ্রমিকদের দাবি, বাদশাকে দ্রুত মুক্তি না দেওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোতোয়ালি থানার প্রধান ফটকের সামনে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ শ্রমিক আহত হন। আহতদের মধ্যে চারজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় শ্রমিকদের এক পক্ষ ক্ষমতাসীন দলের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা বলেন, বুধবার রাত ১১টার পর থেকে বৃহস্পতিবার দিনাজপুর থেকে কোনো কোনো রুটে বাস চলাচল করেনি। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে তাঁদের আলোচনা চলছে।
দিনাজপুর ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা শেখ বাদশার মুক্তির দাবি জানিয়েছেন। তিনি শ্রমিকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
এদিকে কোতোয়ালি থানার প্রধান ফটকের সামনে বাস ও ট্রাক রেখে ব্যারিকেড দেওয়ায় থানায় পুলিশের যানবাহন প্রবেশ ও বের হতে সমস্যা হচ্ছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, শেখ বাদশার বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে। বুধবার তাঁকে গ্রেপ্তারের পর শ্রমিকরা থানার গেটসহ বিভিন্ন সড়কে গাড়ি রেখে অবরোধ করেছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
তিনি আরও বলেন, থানার গেট থেকে গাড়ি সরিয়ে নিলে শেখ বাদশাকে আদালতে সোপর্দ করা হবে।
তবে শেখ বাদশাকে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাঁকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।