ছয় দফা দাবিতে চট্টগ্রামমুখী ১১ দলের লংমার্চ
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং দ্রুত জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শেষে চট্টগ্রামের লালদিঘী ময়দানের উদ্দেশে রওনা দেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।
.png)
এর আগে শাপলা চত্বরে আয়োজিত উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন শীর্ষ নেতা বক্তব্য দেন। পরে ডা. শফিকুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
লংমার্চ চলাকালে পূর্বনির্ধারিত কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাই। সবশেষে চট্টগ্রামের লালদিঘী ময়দানে জনসভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হওয়ার কথা রয়েছে।