ঢাকা থেকে সৌদির ১৪১ ফ্লাইট বাতিল, বিপাকে ২২ হাজার যাত্রী
সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা ১৪১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এসব তথ্য জানা গেছে।
বেবিচক জানায়, গত ১০ অক্টোবর থেকে শুক্রবার রাত পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী মোট ১৪১টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইটের তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট।
অন্যদিকে, বাতিল হওয়া ৭৫টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।
এসব ফ্লাইটের যাত্রীদের বিভিন্ন দেশে ট্রানজিট নিয়ে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে যাওয়ার কথা ছিল। তবে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো নিজ নিজ দেশ থেকে ফ্লাইট বাতিল করায় ঢাকা থেকে যাত্রী পরিবহন করতে পারেনি।
এর আগে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে।
পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট পরিচালনা বন্ধ রাখে।