মজুরি বোর্ড গঠন রোববার, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর
দেশের শিল্প খাতের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীকাল রোববার (১ নভেম্বর) নতুন মজুরি বোর্ড গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সরকার এরই মধ্যে বোর্ড গঠনের চূড়ান্ত পদক্ষেপ নেওয়ায় শ্রমিকদের আর রাজপথে বা আন্দোলনে থাকার কোনো যৌক্তিক কারণ নেই উল্লেখ করে তাদের অবিলম্বে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) বিকালে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে শ্রমমন্ত্রী সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। সম্প্রতি বিভিন্ন শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধি ও ভাতার দাবিতে শ্রমিক অসন্তোষ এবং কর্মবিরতির প্রেক্ষাপটে শ্রমমন্ত্রীর পক্ষ থেকে এই ঘোষণা এলো।
আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও দ্রব্যমূল্যের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার শ্রমিকদের দাবির প্রতি অত্যন্ত সংবেদনশীল। তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই দ্রুততম সময়ের মধ্যে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকালই আনুষ্ঠানিকভাবে এই বোর্ডের ঘোষণা দেওয়া হবে।
নতুন এই মজুরি বোর্ডের কার্যপ্রণালি সম্পর্কে শ্রমমন্ত্রী জানান, বোর্ডে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধির পাশাপাশি নিরপেক্ষ সদস্যদের সমন্বয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সবার মতামতের ভিত্তিতে এবং শিল্পের সক্ষমতা ও শ্রমিকদের চাহিদার মধ্যে সমন্বয় ঘটিয়ে একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করা হবে।
শিল্প খাতে শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দিয়ে শ্রমমন্ত্রী আরও বলেন, যেহেতু শ্রমিকদের মূল দাবি অনুযায়ী মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে, তাই এখন আর আন্দোলন বা কর্মবিরতি চালিয়ে যাওয়ার কোনো অবকাশ নেই। কর্মবিরতি বা আন্দোলনের ফলে কারখানার উৎপাদন ব্যাহত হলে তা সামগ্রিক অর্থনীতি ও রপ্তানি খাতের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
তাই কারখানার চাকা সচল রাখতে এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে কোনো ধরনের উসকানিতে কান না দিয়ে সব শ্রমিককে দায়িত্বশীল আচরণ করার এবং স্বাভাবিক কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানান শ্রমমন্ত্রী।