ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চের আগে ককটেল বিস্ফোরণ, তোরণে আগুন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ৩১ অক্টোবর ২০২৬
খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চের আগে ককটেল বিস্ফোরণ, তোরণে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা মহানগরীর ফুলবাড়িগেট বাসস্ট্যান্ড এলাকায় ১১ দলীয় জোটের লংমার্চের গাড়িবহর পৌঁছানোর আগে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় অভ্যর্থনা তোরণের একাংশে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে খানজাহান আলী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। পরে লংমার্চের গাড়িবহর নির্বিঘ্নে ওই এলাকা অতিক্রম করে।

জানা গেছে, ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চটি খুলনা মহানগরীর শিববাড়ী মোড় থেকে যাত্রা করে। পথে ফুলবাড়িগেট এলাকায় পৌঁছানোর আগেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

খানজাহান আলী থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ বলেন, লংমার্চের কয়েকটি গাড়ি ফুলবাড়িগেট অতিক্রম করার সময় সড়কের পাশে কয়েকশ নারী কর্মী নেতাদের স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন। এ সময় হেলমেট ও মাস্ক পরা ৬ থেকে ৭ জন ব্যক্তি ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটান। তিনি তাৎক্ষণিকভাবে থানার ওসিকে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।

তিনি আরও অভিযোগ করেন, একই ব্যক্তিরা এর আগে বাসস্ট্যান্ডসংলগ্ন অভ্যর্থনা তোরণের একাংশে আগুন ধরিয়ে দেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, তিনি তিনটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছেন। তবে লংমার্চের গাড়িবহর ঘটনাস্থলে পৌঁছানোর প্রায় আধা ঘণ্টা আগেই এ ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/খুলনা/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!