ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে কমেন্ট নিয়ে বিরোধ, দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিওতে মন্তব্য করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতির জেরে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) টিকটক ভিডিওতে মন্তব্য করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোহাগপুর গ্রামের আবির হাটি ও নাকড় বাড়ির দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিরোধের মীমাংসায় শনিবার দুপুরে আশুগঞ্জ বাজারে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠক বসে। সেখানে বিষয়টির সমাধান হলেও বৈঠক শেষে পুলিশ চলে যাওয়ার পর দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, দুই পক্ষের বিরোধ মেটাতে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বিষয়টি মীমাংসাও হয়। তবে পুলিশ চলে যাওয়ার পর আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।