ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৭, ৩ নভেম্বর ২০২৬
দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন দুই মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন মো. হাসানুজ্জামান ও রুবিনা ফেরদৌসী। তাঁরা দুজনই বর্তমানে যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, দুদকে কর্মরত দুই মহাপরিচালককে পরিকল্পনা কমিশন ও ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ২ নভেম্বর জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হাসানুজ্জামান বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন। অন্যদিকে, রুবিনা ফেরদৌসী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন। তাঁদের দুজনকে দুদকের মহাপরিচালক পদে পদায়নের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৮ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

এদিকে, পৃথক দুটি প্রজ্ঞাপনে দুদকের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবু হেনা মোস্তফা জামানকে পরিকল্পনা কমিশনে প্রধান হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে দুদকের মহাপরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ নাজমুল হাসানকে ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!