ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৪১, ১৯ নভেম্বর ২০২৬
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে প্রস্তাব পাস, পক্ষে ১২৮ দেশ
সংগৃহীত ছবি

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপক্ষে ভোট পড়েছে ৬টি এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।

প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানের জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সঞ্চিতা হক বলেন, রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর পেরিয়ে গেলেও তাদের প্রত্যাবাসনে কোনো অর্থবহ অগ্রগতি হয়নি। বরং দীর্ঘদিনের এ বাস্তুচ্যুতির কারণে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে নানা ধরনের সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

রাষ্ট্রদূত গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের গুরুত্বও তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!