ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]
আফসানা আক্তার-এর কবিতা

অনুপস্থিতি

আফসানা আক্তার
প্রকাশিত: ১১:৪৯, ২০ আগস্ট ২০২৬
অনুপস্থিতি
পাশ ফিরে দেখি তুমি নেই! এতো আমারই বিমূর্ষ ছায়ামূর্তি।

দিনকে দিন বুকের ব্যথাটা ক্রমশ বেড়ে চলেছে।
ডাক্তার রোগ খুঁজে পাচ্ছে না,
ওষুধে কাজ হচ্ছে না।
বুঝতে পারছো,
সপ্তর্ষি, কী বলছি আমি?

আজকাল রাত জেগে আকাশের তারা গুনি।
তোমাকে চাঁদের সাথে তুলনা করি।
আন্দাজ করি, তুমি পাশে বসে আছো।

Advertisement

হঠাৎ বলে উঠি—
“এই যে, দেখো,
ওটা লুব্ধক, ওটা কৃত্তিকা,
ওই যে বিশাখা, ওইটা চিত্রা।
তুমি ধ্রুব, আর আমি অশ্বিনী।”

পাশ ফিরে দেখি তুমি নেই
এতো আমারই বিমূর্ষ ছায়ামূর্তি।

তোমাকে ভুলবো বলে কাল উলঙ্গ দুপুরের তপ্ত রৌদ্রে আমি একা পথ হেঁটেছি।
এ পথের মধ্যে ক’টা কৃষ্ণচূড়ার মূর্তি—তা গুনেছি। এক, দুই, তিন, চার, ছয়... ৭৯।

গণনা শেষে উৎসাহ নিয়ে সেসব কথা তোমাকেই বলতে এসেছি।

দেখো, সপ্তর্ষি,
কতটা বোকা আমি!
বিয়োগ-বিধুর রাতে বিধবা বধুর মতো,
পতিস্নেহ মাখা বুকে, কেবল তোমাকেই খুঁজেছি।

ডেইলি-বাংলাদেশ/এস এম
লিংক সফলভাবে কপি হয়েছে!