ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

হাঁটা ও স্ট্রেংথ ট্রেনিং একে অপরের বিকল্প নয়

ফিটনেস পুষ্টিবিদ রাইসা মেহজাবীন
প্রকাশিত: ১৩:৩৪, ৭ সেপ্টেম্বর ২০২৬
হাঁটা ও স্ট্রেংথ ট্রেনিং একে অপরের বিকল্প নয়
হাঁটা তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ ও কম-প্রভাবের (low-impact) ব্যায়াম। নিয়মিত হাঁটলে শারীরিক সক্রিয়তা বাড়ে এবং হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সক্ষমতা বজায় রাখতে সহায়তা করে। মানসিক চাপ কমাতেও এর ভূমিকা রয়েছে।

শরীর সুস্থ রাখতে নিয়মিত হাঁটার গুরুত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। হাঁটা হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে, অ্যারোবিক ফিটনেস বাড়াতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে।

তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুধু হাঁটার ওপর নির্ভর করলে শরীরের পেশি ও হাড়ের শক্তি ধরে রাখার ক্ষেত্রে ঘাটতি থেকে যেতে পারে। এ কারণে দৈনন্দিন হাঁটার পাশাপাশি Strength Training বা শক্তিবর্ধক ব্যায়াম যুক্ত করার পরামর্শ দিচ্ছেন ব্যায়াম ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

হাঁটা তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ ও কম-প্রভাবের (low-impact) ব্যায়াম। নিয়মিত হাঁটলে শারীরিক সক্রিয়তা বাড়ে এবং হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সক্ষমতা বজায় রাখতে সহায়তা করে। মানসিক চাপ কমাতেও এর ভূমিকা রয়েছে।

Advertisement

অন্যদিকে, শক্তিবর্ধক ব্যায়ামের মূল লক্ষ্য পেশিকে প্রতিরোধের বিরুদ্ধে কাজ করানো। যেমন ওজন তোলা, রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার, স্কোয়াট, পুশ-আপ বা শরীরের ওজন দিয়ে বিভিন্ন ব্যায়াম। এসব অনুশীলন নিয়মিত করলে পেশি তৈরি ও ধরে রাখতে সহায়তা করে। একই সঙ্গে দৈনন্দিন কাজ করার সক্ষমতাও বাড়তে পারে।

হাড়ের জন্য কেন গুরুত্বপূর্ণ?

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ঘনত্ব কমে যাওয়ার ঝুঁকি বাড়ে। বিশেষ করে মেনোপজের পর নারীদের ক্ষেত্রে হাড়ের স্বাস্থ্য নিয়ে বাড়তি গুরুত্ব প্রয়োজন। হাড়ও শরীরের ওপর প্রয়োগ করা যান্ত্রিক চাপের সঙ্গে মানিয়ে নেয়। তাই উপযুক্ত মাত্রার রেজিস্ট্যান্স বা স্ট্রেংথ ট্রেনিং হাড়ের ওপর তুলনামূলক বেশি লোড তৈরি করে, যা হাড়ের শক্তি ও ঘনত্ব ধরে রাখতে সহায়ক হতে পারে।

২০২০ সালে Osteoporosis International–এ প্রকাশিত একটি সিস্টেমেটিক রিভিউ ও মেটা এনালাইসিস-এ মেনোপজ-পরবর্তী নারীদের ক্ষেত্রে রেজিস্ট্যান্স এক্সারসাইজ এর সঙ্গে হাড়ের মিনারেল ডেনসিটি-এর ইতিবাচক সম্পর্ক পাওয়া যায়।

তাহলে কি হাঁটা বাদ দিতে হবে?

একেবারেই নয়। হাঁটা ও স্ট্রেংথ ট্রেনিং একে অপরের বিকল্প নয়; বরং দুটির কাজ আলাদা।

হাঁটা হৃদ্‌স্বাস্থ্য ও অ্যারোবিক ফিটনেসের জন্য কার্যকর। অন্যদিকে স্ট্রেংথ ট্রেনিং পেশি ও হাড়ের ওপর বেশি যান্ত্রিক চাপ তৈরি করে এবং শক্তি ও দৈনন্দিন কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।

তাই স্বাস্থ্যকর জীবনযাপনে একটি ভারসাম্যপূর্ণ রুটিন হতে পারেনিয়মিত হাঁটা বা অন্য কোনো অ্যারোবিক ব্যায়াম-এর পাশাপাশি সপ্তাহে কয়েক দিন বয়স, শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যগত অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে স্ট্রেংথ ট্রেনিং করা।

তবে দীর্ঘদিন ব্যায়াম না করা, হাড়ের দুর্বলতা, গুরুতর ব্যথা বা কোনো দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা থাকলে নতুন ব্যায়াম শুরু করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।


লেখক : রাইসা মেহজাবীন, ফিটনেস পুষ্টিবিদ , বি.এসসি (অনার্স), ফুড অ্যান্ড নিউট্রিশন, ডিইউ
এমপিএইচ (চলমান), পাবলিক হেলথ নিউট্রিশন, নর্থ সাউথ ইউনিভার্সিটি
পিজিটি (Nutrition and Fitness Training), ইন্সপিরন ফিটনেস এন্ড ডায়েট কনসালটেন্সি সেন্টার
স্পেশালাইজড ইন ফিটনেস নিউট্রিশন ট্রেনিং, নিউট্রিশন সলিউশনস
ব্রাঞ্চ ম্যানেজার ও ফিটনেস কোচ, ইন্সপিরন ফিটনেস এন্ড ডায়েট কনসালটেন্সি সেন্টার, ধানমন্ডি ব্রাঞ্চ 
প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), নিউট্রিশন ফর চেঞ্জ

ডেইলি-বাংলাদেশ/এস এম
লিংক সফলভাবে কপি হয়েছে!