গ্রিস ও সাইপ্রাস থেকে ফিরলেন আরও ৪৪ বাংলাদেশি
ইউরোপের বিভিন্ন দেশে অনিয়মিতভাবে প্রবেশের পর আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে (এন০৫৫৪২) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, মানসিক পরামর্শ এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহযোগিতা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় এসব সহায়তা দেওয়া হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ফেরত আসা ৪৪ জনকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের পুনর্বাসনের জন্য অর্থনৈতিক সহযোগিতা করা হবে।
তিনি বলেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে এতদিন বাংলাদেশিরা শীর্ষে ছিলেন। চলতি বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম অবস্থানে রয়েছেন। এভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।
শরিফুল হাসান আরও বলেন, অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইউরোপের দেশগুলো দিন দিন কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতির আওতায় অবৈধ পথে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে। একই সঙ্গে অনেকের আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হচ্ছে। ইউরোপে যাওয়ার জন্য ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত অনেকে কোনো সুফল পাচ্ছেন না।
তাঁর মতে, যেকোনোভাবে ইউরোপে পৌঁছাতে পারলেই জীবনের সব সমস্যার সমাধান হবে—এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার বিষয়ে অন্যদের উৎসাহিত করেছিলেন বলে জানান শরিফুল হাসান। বিদেশ যেতে আগ্রহীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা করতে হবে।
এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছিল বলে জানিয়েছিল ব্র্যাক।
ইউরোপ থেকে নথিপত্রহীন ও অনিয়মিত বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি করে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।
শরিফুল হাসান জানান, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন ইতালি, গ্রিস ও জার্মানি থেকে। দেশে ফেরার পর তাঁদের বিমানবন্দরে জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়। পরবর্তী সময়ে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে নতুন করে জীবন গড়ার সুযোগ তৈরি করা হয়। পাশাপাশি অনিয়মিত ও ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করতে দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক।
অন্যদিকে, অনিয়মিত অভিবাসনের পরিবর্তে বৈধ পথে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার উদ্যোগও নিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ।