জিলহজ বা ঈদুল আজহার চাঁদ দেখে যে দোয়া পড়বেন
মুসলিম বিশ্বে চাঁদ দেখা সাপেক্ষে মাস গণনা শুরু হয়। আরবি (হিজরি) মাসের নতুন চাঁদ দেখলে প্রিয়নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া পড়তেন।
নতুন চাঁদ দেখে উক্ত দোয়াটি পড়া বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত।
শুধুমাত্র জিলহজ মাসের নতুন চাঁদ দেখেই যে এ দোয়া পড়তে হবে এমন কিন্তু নয়; বরং আরবি হিজরি সনের প্রত্যেক মাসের নতুন চাঁদ দেখে এ দোয়া পড়া রাসূলের (সা.) এর সুন্নত।
.png)
হাদিসে এসেছে- হজরত তালহা ইবনু ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন-
اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الله
আরবি উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস্সালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।
বাংলা অর্থ: আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের তাওফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক।’ (তিরমিজি, মিশকাত)
জিলহজ মাসের পরই আরবি হিজরি সনের প্রথম মাস মহররম শুরু হবে। তবে আরবি হিজরি সনের শেষ মাস জিলহজে মুসলমানেরা মক্কায় হজ করতে যান। এ মাসের ৮-১০ তারিখে হজ অনুষ্ঠিত হয়। জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এই ঈদে কোরবানি দেন মুসলমানেরা। চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সৌদি আরবের আকাশে রোববার (১৮ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ জুন। সোমবার (১৯ জুন) চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে বাংলাদেশে জিলহজ মাস গণনা শুরু হবে। এ ক্ষেত্রে ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে বুধবার (২১ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ পালিত হবে ৩০ জুন।
মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতি চন্দ্র মাসের নতুন চাঁদ দেখে উল্লেখিত দোয়া পড়ার তাওফিক দান করুন। আমিন।