ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

যেসব কাজের সওয়াব ও গুনাহ জারি থাকে মৃত্যুর পরও

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৭:১৭, ১৮ নভেম্বর ২০২৪
যেসব কাজের সওয়াব ও গুনাহ জারি থাকে মৃত্যুর পরও
ছবি: প্রতীকী

জীবন ও মৃত্যু মানবজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু মৃত্যুর আগে মানুষ যেসব কাজ করবে, আখেরাতে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সেগুলোর প্রতিদান অবশ্যই তাকে দেবেন।

যেসব কাজের সওয়াব ও গুনাহ জারি থাকে মৃত্যুর পরও

মানুষের দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, মৃত্যুর মাধ্যমে মানুষের দুনিয়ার জীবন শেষ হয়ে যায়। কিন্তু মানুষের কাজের প্রভাব অনেক ক্ষেত্রে মৃত্যুর পরও দুনিয়ায় থেকে যায় এবং সে কারণে মানুষ সওয়াব লাভ করে, গুনাহেরও ভাগীদার হয়। দুনিয়ায় যে ভালো কাজ রেখে যায়, যার ভালো কাজের কল্যাণকর প্রভাব জারি থাকে, তার আমলনামায় মৃত্যুর পরও সওয়াব যুক্ত হতে থাকে। আর যার পাপের খারাপ প্রভাব দুনিয়াতে থেকে যায়, তার আমলনামায় মৃত্যুর পরও গুনাহ লেখা হতে থাকে।

Advertisement

যেমন কেউ যদি মানুষকে দ্বীনি শিক্ষা দেয় অথবা কোন দ্বীনি বই লেখে যা থেকে মানুষ উপকৃত হতে থাকে অথবা ওয়াকফ ইত্যাদি ধরনের কোনো জনহিতকর কাজ করে, তার এই সৎকর্মের কল্যাণকর প্রভাব যতদূর পৌছবে এবং যতদিন পর্যন্ত পৌঁছতে থাকবে, ততদিন তার আমলনামায় সওয়াব লিখিত হতে থাকবে।

একইভাবে কেউ যদি নিপীড়নমূলক আইন-কানুন প্রবর্তন করে, এমন কোনো প্রতিষ্ঠান স্থাপন করে যা মানুষের আমল-আখলাক ধ্বংস করে দেয় অথবা মানুষকে কোনো মন্দ পথে পরিচালিত করে, তবে তার এসব মন্দ কাজের প্রভাব যে পর্যন্ত থাকবে এবং যতদিন পর্যন্ত থাকবে, ততদিন তার আমলনামায় গুনাহ লিখিত হতে থাকবে।

মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, اِنَّا نَحۡنُ نُحۡیِ الۡمَوۡتٰی وَ نَكۡتُبُ مَا قَدَّمُوۡا وَ اٰثَارَهُمۡ وَ كُلَّ شَیۡءٍ اَحۡصَیۡنٰهُ فِیۡۤ اِمَامٍ مُّبِیۡنٍ

অর্থ: ‘আমিই মৃতকে জীবিত করি, আর লিখে রাখি যা তারা আগে পাঠিয়ে দেয় আর যা পেছনে ছেড়ে যায়। সব কিছুই আমি স্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি’। (সুরা ইয়াসিন: ১২)

অর্থাৎ মানুষ যা আগে পাঠিয়ে দেয় বা তার জীবনকালে যে কাজ করে, তা যেমন লিখিত হয়, তার রেখে যাওয়া কাজের প্রভাবও লিখিত হতে থাকে।

আরেক আয়াতে রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, لِیَحْمِلُوْۤا اَوْزَارَهُمْ كَامِلَةً یَّوْمَ الْقِیٰمَةِ وَ مِنْ اَوْزَارِ الَّذِیْنَ یُضِلُّوْنَهُمْ بِغَیْرِ عِلْمٍ اَلَا سَآءَ مَا یَزِرُوْنَ.

অর্থ: ‘কেয়ামতের দিন তারা বহন করবে নিজেদের পাপের বোঝা পূর্ণ মাত্রায়, আর (আংশিক) তাদেরও পাপের বোঝা যাদেরকে তারা গোমরাহ করেছে নিজেদের অজ্ঞতার কারণে। হায়, তারা যা বহন করবে তা কত নিকৃষ্ট’! (সূরা নাহল, আয়াত: ২৫)

দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো উত্তম পন্থা প্রবর্তন করে, তার জন্যে রয়েছে এর সওয়াব এবং যত মানুষ এই পন্থার ওপর আমল করবে তাদের সওয়াব। পালনকারীদের সওয়াবও কমানো হবে না। আর যে ব্যক্তি কোনো কু-প্ৰথা প্রবর্তন করে, সে তার গুনাহ ভোগ করবে এবং যত মানুষ এই কুপ্ৰথা পালন করতে থাকবে, তাদের গুনাহও তার আমলনামায় লিখিত হবে। আমলকারীর গুনাহও কমানো হবে না’। (সহিহ মুসলিম: ১০১৭)

অন্য আরেকটি বর্ণনায় রাসূলুল্লাহ (সা.) বলেন, যে কাউকে অন্যায়ভাবে হত্যা করা হবে এর গুনাহের একটা অংশ প্রথম আদম সন্তানের ওপর বর্তায়। কারণ সেই প্রথম হত্যার প্রবর্তন করেছে’। (সহিহ বুখারি: ৩৩৩৫, সহিহ মুসলিম: ১৬৭৭)

মৃত্যুর পর সওয়াব জারি থাকা প্রসঙ্গে রাসূলুল্লাহ (সা.) বলেন, আল্লাহর রাসূল (সা.) বলেছেন, আদম সন্তান যখন মারা যায়, তখন তার ৩ প্রকার আমল ছাড়া অন্য সব আমলের ধারা বন্ধ হয়ে যায়; ১. সদকায়ে জারিয়া (ফায়েদা অব্যাহত থাকে এ রকম সদকা যেমন মসজিদ নির্মাণ করা, কূপ খনন করে দেওয়া ইত্যাদি) ২. ইলম বা জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হতে থাকে ৩. সুসন্তান যে তার জন্য নেক দোয়া করতে থাকে। (সহিহ মুসলিম: ৪৩১০)

তাই আমাদের সবার কর্তব্য দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কিছু কল্যাণকর প্রভাব রেখে যাওয়ার চেষ্টা করা যেন মৃত্যুর পরও আমাদের সওয়াব জারি থাকে। কোনোভাবেই যেন এর বিপরীতটা না হয়। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও আমাদের আমলনামায় যেন গুনাহ যুক্ত না হতে থাকে।

ইয়া আল্লাহ! আমাদের সবাইকে হেফাজত করুন। এবং সঠিক বুঝ দান করুন। আমিন।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!