দেশটির আইনজীবী আবদুল জলিল মারওয়াত দাবি করেছেন সিসা টানার কারণেই মাঠে খারাপ পারফরম্যান্স করেছে পাকিস্তান দল। সিন্ধ হাইকোর্টে অভিযোগটি দায়ের করেছেন এই আইনজীবী।
অভিযোগপত্রে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, ইমাম-উল হক ও অধিনায়ক সরফরাজ আহমেদ ছাড়াও অন্তর্ভুক্ত করা হয়েছে শোয়েব মালিকের স্ত্রী তথা ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার নাম। সেইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আইসিসি ও আটিএফ এর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।
.png)
অভিযোগপত্রে বলা হয়েছে, ‘এই গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ শোয়েব মালিক করেন শূন্য রান, ইমাম-উল-হক করেন ৭ রান এবং ওয়াহাব রিয়াজ মাত্র একটি উইকেট সংগ্রহ করেন।’
আবদুল জলিল মারওয়াত আরও যোগ করেন, শিশু নিয়ে সিসা লাউঞ্জে যাওয়াও অপরাধ। শুধু তাই নয়, তিনি কোর্টের কাছে আপিল করেছেন, পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পিসিবির কাছে জানতে চাওয়া হয় যে, কেন তারা ওই ক্রিকেটারদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি।
গত ১৬ জুন বিশ্বকাপ ক্রিকেটের ওই ম্যাচে পাকিস্তানকে ৮৯ রানে হারায় ভারত। সেই হারের পরে কয়েকজন পাকিস্তান ক্রিকেটারের নিজেদের পরিবারের সঙ্গে একটি ক্যাফেতে সময় কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়। ভারতের বিপক্ষে হারের পর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান।
টানা তিন ম্যাচে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারায় সরফরাজের দল। তবে নিউজিল্যান্ডের সমান ১১ পয়েন্ট হলেও নেট রানরেটের হিসাবে পিছিয়ে সেমিফাইনালে যেতে পারেনি পাকিস্তান।
ডেইলি বাংলাদেশ/আরএস