৩৩ বছর বয়সি সানিয়াকে সবশেষ কোর্টে দেখা গেছে ২০১৭ সালে। চীন ওপেনে খেলার পর সন্তানের জন্য নিজেকে টেনিস থেকে দূরে সরিয়ে নেন। ইউক্রেনের নাদিয়া কিচেনোকের সঙ্গে জুটি বেঁধে হোবার্টে নামবেন তিনি।
পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে ২০১০ সালে বিয়ে করার পরে তাঁদের ছেলে ইজহানের জন্ম হয় গত বছর অক্টোবরে। বৃহস্পতিবার মুম্বাইয়ে সানিয়া বলেন, ‘আমি হোবার্টে খেলব। তার পরে অস্ট্রেলিয়া ওপেনে নামব। আগামী মাসে মুম্বাইয়ে মেয়েদের একটা আইটিএফ প্রতিযোগিতায় নামারও পরিকল্পনা রয়েছে। এখনো চূড়ান্তভাবে এখানে নামার ব্যাপারে সিদ্ধান্ত নিইনি। তবে হোবার্ট আর অস্ট্রেলিয়া ওপেনে নামব, সে ব্যাপারে নিশ্চিত।’
.png)
ছ’টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সানিয়া ফিটনেসের দিক থেকেও ভাল জায়গায় ফিরে এসেছেন বলে মনে করছেন। তিনি বলেন, ‘মা হওয়ার সময় শরীরে অনেক রকম পরিবর্তন আসে। ঘুমের সময় পাল্টে যায়। এখন ফিটনেসের দিক থেকে ভাল জায়গায় আছি বলে মনে হচ্ছে। আগে যে রকম ছিলাম, সেই জায়গায় ফিরে আসছি। মাত্র ছ’সাত মাস আগেই মনে হয়েছিল এই জায়গায় হয়তো নিজেকে নিয়ে যেতে পারব।’