যার ক্যারিয়ার নষ্ট করেছেন বিরাট কোহলি!
মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারত দলের নিয়মিত মুখ ছিলেন সুরেশ রায়না। দলের মিডল অর্ডারের স্তম্ভরূপে বিবেচনা করা হতো তাকে। সেই তিনিই কোহলি অধিনায়ক হওয়ার পর থেকে জাতীয় দলে ব্রাত্য। বহুদিন ধরে ভারতীয় ক্রিকেট দলে ডাক না পেয়ে অবসরের চিন্তা করছেন রায়না। তবে নিজের ক্যারিয়ার এভাবে শেষ হয়ে যাওয়ার জন্য সরাসরি বিরাট কোহলিকে দায়ী করেছেন তিনি।
সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলেন রায়না। সেখানে তিনি বলেন, ‘নতুন ক্রিকেটারদের পক্ষে সুযোগ পাওয়াটা ভীষণ প্রয়োজনীয়। নতুন ক্রিকেটার হিসেবে যখন জাতীয় দলে সুযোগ পাই, তখন রাহুল দ্রাবিড়ের অধীনে খেলতে পারায় আমি ভাগ্যবান ছিলাম। আমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল। তারপরে ধোনির ক্যাপ্টেন্সিতে খেলেছিলাম।’
এরপর তিনি আরো যোগ করেন, ‘রোহিত-বিরাট শুরুতে আউট হলে মিডল অর্ডারে অনেক চাপ আসত। সেই সময়ে আমি যে স্লটে খেলতাম প্রতিটা ম্যাচই নতুন নতুন চ্যালেঞ্জের ছিল। তবে নিজের উপরে বিশ্বাস ছিল আমার। কারণ ক্রিকেটারের পারফর্ম করার পিছনে অধিনায়কের ভূমিকা থাকে।’
.png)
তবে রাহুল দ্রাবিড় বা ধোনির অধীনে নিয়মিত খেলা রায়না কোহলির অধীনে আর তেমন সুযোগই পাননি। ২০১৭ সালে বিরাট কোহলি ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হওয়ার পর থেকে পুরোপুরি বাদ পড়ে যান একসময়ের মিডল অর্ডারের স্তম্ভ। কোহলির অধিনায়কত্বে রায়না খেলেছেন মাত্র তিনটে ওয়ানডে। সেই তিন ম্যাচের একটিতে ব্যাট করার সুযোগ পাননি। বাকি দুই ম্যাচের রায়নার অবদান যথাক্রমে ৪৬ ও ১ রান।
কোহলির ওপর ক্ষোভ চেপে রাখতে পারেননি এই বাঁহাতি ক্রিকেটার। তিনি সোজাসুজি বলেন, ‘জাতীয় দলে মিডল অর্ডার নিয়ে যে নাটক চলছে, তা টিম ম্যানেজমেন্ট ও ক্যাপ্টেনের সাহায্যেই সমাধান করে ফেলা সম্ভব। শ্রেয়স ও ঋষভ পন্থের থেকে প্রতি ম্যাচে বড় রান আশা করা উচিত নয়। ওদেরকে আশ্বাস দিতে হবে যে পরের ম্যাচে ওরা বাদ পড়বে না। আমার ক্যারিয়ার কোহলি ভরসা করতে পারেনি জন্যই শেষ হয়ে গিয়েছে।’