রোববার সোশ্যাল মিডিয়ায় চ্যাট সেশনে মডেল-অভিনেত্রী সানি লিওনের সঙ্গে লাইভ আড্ডায় অংশ নিয়েছিলেন ব্র্যাভো। সুদূর ত্রিনিদাদ থেকে গৃহবন্দি অবস্থায় সানি লিওনের সঙ্গে লাইভ চ্যাটে অংশ নিয়েছিলেন তিনি। বিভিন্ন বিষয়ের পাশাপাশি সানি ব্র্যাভোকে জিজ্ঞাসা করেন কোনও নতুন গান তিনি তৈরি করছেন কিনা। জবাবে চেন্নাই সুপার কিংস তারকা জানান, তাঁর ‘নম্বর ৭’ শীর্ষক নতুন গানটি শুধুমাত্র তৈরি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির কথা মাথায় রেখে।
ব্র্যাভোর কথায়, ‘আমি নতুন একটি গান বাঁধছি, যেটার নাম ‘নম্বর ৭’। শুধুমাত্র এমএস ধোনির কথা মাথায় রেখেই গানটি তৈরি করছি। যেটা ধোনির ক্যারিয়ার, কৃতিত্ব একইসঙ্গে অন্যান্য ক্রিকেটার ও অনুরাগীদের তাঁর প্রতি ভালোবাসা সবকিছুর উপর নির্ভর করেই তৈরি হচ্ছে’।
.png)
সানির সঙ্গে আলোচনায় ব্র্যাভোর এই ঘোষণা মন কেড়েছে ধোনি অনুরাগীদের। মহামারি করোনাভাইরাস নিয়েও ব্র্যাভো সম্প্রতি একটি গান বেঁধেছেন। ‘উই আর নট গিভিং আপ’ ইতিমধ্যে মুক্তিও পেয়েছে।
সম্প্রতি তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের সঙ্গেও ইনস্টাগ্রামে লাইভ চ্যাট সেশনে অংশ নিয়েছিলেন ব্র্যাভো। যেখানে ফ্র্যাঞ্চাইজি এবং ফ্র্যাঞ্চাইজি অধিনায়ককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন উইন্ডিজ অলরাউন্ডার।