ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এসি মিলানের কিংবদন্তি ফরোয়ার্ড মারা গেছেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪১, ২৩ জুন ২০২০
এসি মিলানের কিংবদন্তি ফরোয়ার্ড মারা গেছেন
এসি মিলানের সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড পিয়েরিনো প্রাতি

এসি মিলানের সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড পিয়েরিনো প্রাতি মারা গেছেন। ১৯৬৯ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে হ্যাটট্রিকের জন্য বিখ্যাত ছিলেন ৭৩ বছর বয়সী এ ফুটবলার। মিলান ম্যাচটি জিতেছিল ৪-১ গোলে।

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপা জেতানো ফরোয়ার্ডের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছে মিলান। সিরি’আ লিগের ক্লাবটি তাদের অফিসিয়াল টুইটারে প্রাতির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘বিদায় সত্যিকারের রোজোনোরি কিংবদন্তি। আপনি আমাদের সবাইকে আলোকিত করেছিলেন এবং আপনাকে সবাই মিস করবে। শান্তিতে ঘুমান পিয়েরো’।

মিলানের জার্সিতে প্রাতি ১৯৬৭-৬৮ মৌসুমে সিরি’আ জিতেন এবং ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ মৌসুমে টানা দু’বার কোপা ইতালিয়া শিরোপা জিতেন। ১৯৬৯ সালে জিতেন ইউরোপিয়ান কাপ। 

Advertisement

জাতীয় দলের জার্সিতে ১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেন প্রাতি। ১৯৭০ বিশ্বকাপে রানার্স-আপ হয় ইতালি। আর সে দলের সদস্য ছিলেন তিনি। 

উয়েফার হিসেবে, প্রাতি মিলানের হয়ে ১৪১ ম্যাচে ৭২ গোল করেছেন। এছাড়া জাতীয় দলের হয়ে ১৪ ম্যাচে করেছেন ৭ গোল। 

মিলান ছাড়াও প্রাতি আরো দুই ইতালিয়ান ক্লাব রোমা এবং ফিওরেন্তিনায় খেলেছেন। ১৯৮১ সালে অবসর নেয়ার আগে যু্ক্তরাষ্ট্রের ক্লাব রচেস্টার ল্যাঞ্চার্সের হয়েও খেলেছেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!