ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সেলোনায় ফিরলেন কৌতিনহো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪২, ৩ সেপ্টেম্বর ২০২০
বার্সেলোনায় ফিরলেন কৌতিনহো
ফিলিপ কৌতিনহো

ব্রাজিলিয়ান প্লে-মেকার ফিলিপ কৌতিনহোকে বুধবার আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এক বছরের জন্য ধারে বায়ার্নে খেলতে গিয়েছিলেন কৌতিনহো। নতুন ইউরোপীয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন তার সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করতে অস্বীকৃতি জানানোয় আবারো বার্সেলোনায় ফিরে এসেছেন কৌতিনহো।

বায়ার্ন চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে বলেছেন, ‘স্বকীয়তা ও দুর্দান্ত টেকনিক দিয়ে কৌতিনহো আমাদের ট্রিপল জয়ী মৌসুমে অন্যতম একজন সদস্য ছিলেন।

তবে গত মাসেই রুমেনিগে ইঙ্গিত দিয়েছিলেন কৌতিনহোর সঙ্গে স্থায়ী কোন চুক্তি করবে না বায়ার্ন। 

Advertisement

এর আগে ২০১৮ সালে লিভারপুল থেকে হাই প্রোফাইাল ট্রান্সফারের আওতায় ২৮ বছর বয়সী কৌতিনহোকে দলে ভিড়িয়েছিল বেভারিয়ান্সরা। বায়ার্নের হয়ে এবারের মৌসুমে ৩৮ ম্যাচে ১১টি গোল ও ৯টি এসিস্ট করেছেন কৌতিনহো। এর মধ্যে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৮-২ গোলের উড়ন্ত জয়ে কৌতিনহো করেছেন দুই গোল। লিসবনের ফাইনালে পিএসজির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচটিতেও দ্বিতীয়ার্ধে বদলী হিসেবে খেলতে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান।

গত নভেম্বরে নিকো কোভাচের পরিবর্তে বায়ার্নের প্রধান কোচ হিসেবে হান্সি ফ্লিক স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে  কৌতিনহো মূল দলে খুব কমই সুযোগ পেয়েছেন। কৌতিনহোর পরিবর্তে এ্যাটাকিং মিডফিল্ডে থমাস মুলারের উপরই ফ্লিক বেশী আস্থা রেখেছেন।

বার্সেলোনা থেকে সাড়ে আট মিলিয়ন ইউরোতে ধারে বায়ার্নে এসেছিলেন কৌতিনহো। তবে কৌতিনহোকে স্থায়ীভাবে কিনতে হলে বায়ার্নকে ১২০ মিলিয়ন ইউরো ব্যয় করতে হতো, যা তারা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

মধ্য আগস্টে রুমেনিগে বলেছিলেন, ‘অর্থনৈতিক এই মন্দার মধ্যে বড় অঙ্কের অর্থ ব্যয় করাটা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে’।

তবে নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে নতুন মৌসুমে কৌতিনহো বার্সেলোনার পরিকল্পনায় আছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!