শনিবার ক্যানবেরায় সিডনি থান্ডার্সের বিপক্ষে ম্যাচের আগের রাতে জৈব সুরক্ষা বলয় ভেঙে শিরোনাম হয়েছিলেন ক্রিস লিন ও লরেঞ্জ। পরে অবশ্য ভুল বুঝতে পেরে সতীর্থ, কর্মকর্তাসহ সকলের কাছে ক্ষমা চেয়েছিলেন তারা। তবে এরপরেও ব্রিসবেন হিটসহ এই দুইজন খেলোয়াড়কে বড় জরিমানা গুণতে হচ্ছে। একই সঙ্গে টুর্নামেন্টের বাকি অংশে খেলতে পারবেন না কেউই।
করোনা প্রটোকল লঙ্ঘনের দায়ে এরই মধ্যে ব্রিসবেন হিটকে ৫০,০০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়ার কোড অফ কন্ডাক্টের ২.২৩ ধারায় লিন ও লরেঞ্জকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর শাস্তি হিসেবে লিনকে ১০,০০০ ও লরেঞ্জকে ৪০০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে বিবিএল কর্তৃপক্ষ। একই সঙ্গে নিষিদ্ধ হয়েছেন টুর্নামেন্টের বাকি অংশে।
.png)
করোনা সুরক্ষা বলয় ভেঙে ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম। এর আগে নারী বিগব্যাশ ও অস্ট্রেলিয়া-ভারতের মাঝে রঙিন পোশাকের সিরিজ অনুষ্ঠিত হলেও এমন কোন ঘটনা ঘটেনি। একারণেই লিনদের ঘটনাটি কম ঝুঁকিপুর্ণ অঞ্চলে ঘটলেও তাদের বিষয়ে আপোষ করবেন না বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সুরক্ষা ও নিরাপত্তা দলের প্রধান শেন ক্যারোল।
এ ব্যাপারে ক্যারোল বলেন, দুজনের এই বিধি লঙ্ঘনটি কম ঝুঁকিপূর্ণ ছিল। তবে এই ধরণের কাজ মেনে নিলে পরবর্তীতে আমাদের কঠোর জৈব-সুরক্ষা বলয় নীতির প্রতি অখণ্ডতা এবং আত্মবিশ্বাসের প্রতি আপোষ করার সম্ভাবনা রয়েছে। দেশজুড়ে বিভিন্ন টুর্নামেন্টের পূর্ণ সূচি বাস্তবায়নের জন্য আমাদের সমস্ত নিয়মনীতি মেনে চলা জরুরি।
তিনি আরো বলেন, বর্তমানে যদিও অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ সংক্রমণের মাত্রা কম। কিন্তু আমাদের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ঝুঁকিমুক্ত রাখতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে। বিধিনিষেধ ভাঙ্গায় জড়িত ব্যক্তিরা দলকে এবং বিবিএল মৌসুমকে হুমকিতে ফেলতে পারে।