ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলই চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৫, ২৬ ডিসেম্বর ২০২০
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলই চ্যাম্পিয়ন
চ্যাম্পিয়ন ট্রফি হাতে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের খেলোয়াড়রা

দেশে ফুটবলার তুলে আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতা। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো জাতীয় স্কুল ফুটবলের ফাইনাল। শনিবার পল্টন ময়দানে অনুষ্ঠিত এই ম্যাচে ফেনীর ছাগলনাইয়া পাইলট হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল। 

দেশের অসংখ্য বিদ্যালয়কে ছাপিয়ে ফাইনালে ওঠা সেরা দুই দল শিরোপাযুদ্ধে মাঠে নামলেও শ্রেষ্ঠত্ব দেখিয়েছে বাগেরহাটের কিশোররা। একে একে চারটি গোল দিয়ে প্রতিপক্ষকে হারিয়েছে তারা। 

শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধিনায়ক রমজান শেখ প্রতিশ্রুতি দিয়েছিলেন, চ্যাম্পিয়ন হয়ে স্কুলের সুনাম বাড়াতে চান। খুশি করতে চান বাগেরহাটের মানুষকে। প্রতিশ্রুতিটি ঠিকই পূর্ণ করেছেন তিনি।

Advertisement

ম্যাচের দুই অর্ধে দুটি করে গোল করেছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল। স্কোরশিটে একে একে নাম তুলেছেন হাসান, রমজার শেখ, তামিম হোসেন ও মিরাজুল। চ্যাম্পিয়ন হয়ে তারা পুরস্কার পেয়েছে ট্রফি ও ১ লাখ টাকা। রানার্সআপ দল ছাগলনাইয়া পাইলট হাই স্কুল পেয়েছে ট্রফি ও ৫০ হাজার টাকা।

সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্ট সেরা হয়েছেন রানার্সআপ দলের মুনতাদির ফুয়াদ ইবনে নূর। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন বাগেরহাট কলেজিয়েট স্কুলের হাসান হাওলাদার। এছাড়া সেরা গোলরক্ষক একই দলের হবিবুর রহমান।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী, বিজন বড়ুয়া, সত্যজিৎ দাশ রূপু, মাহফুজা আক্তার কিরণ, নুরুল ইসলাম (নুরু), মহিদুর রহমান মিরাজ ও সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!