ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে জোফরা আর্চার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৯, ২১ মে ২০২১
দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে জোফরা আর্চার
জোফরা আর্চার

কনুইয়ের চোটের ভোগান্তি থেকে মুক্তি পেতে ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চারকে অপারেশনের টেবিলের নিচে যেতে হচ্ছে। বুধবার বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পরই সিদ্ধান্ত হয়ে যায়, শুক্রবার তার অস্ত্রোপচার হবে। ফলে লম্বা সময়ের জন্য ইংল্যান্ডের এই ফাস্ট বোলারকে মাঠের বাইরে দর্শক হয়ে থাকতে হবে।

আর্চারের অস্ত্রোপচারের ধরণ ও তার মাঠে ফেরার সম্ভাব্য সময়সীমা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ ইসিবি। তবে এটা নিশ্চিত, অন্তত মাস তিনেক সময় তার লাগবেই। আগস্ট-সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের কোনো একটা পর্যায়ে তাকে পাওয়ার আশা করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

দুই মাসের মধ্যে আর্চারের এটি দ্বিতীয় অস্ত্রোপচার। গত মার্চে তার আঙুলে প্রথম অস্ত্রোপচার করা হয়। নিজের বাসায় মাছের অ্যাকুয়ারিয়াম ফেলে দিয়ে চোট পাওয়ার পর সেবার আঙুল থেকে বের করা হয় কাঁচের টুকরা।

Advertisement

সেই ধাক্কা সামলে মাঠে ফিরতে না ফিরতেই বেঁকে বসে আর্চারের কনুই। গত বছরের ফেব্রুয়ারি থেকে এই চোট তাকে ভোগাচ্ছে। নানা সময়ে ব্যথানাশক নিয়ে তবু খেলে যাচ্ছিলেন। 

আঙুলের অস্ত্রোপচার থেকে ফিরে এই মাসের শুরুতে সাসেক্সের দ্বিতীয় একাদশের একটি ম্যাচ দিয়ে মাঠে নামেন আর্চার। পরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে খেলেন একটি ম্যাচ। ওই ম্যাচেই আবার মাথাচাড়া দেয় কনুইয়ের ব্যথা। শেষ পর্যন্ত এবার অস্ত্রোপচারের সিদ্ধান্তই হলো।

এমতাবস্থায় সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে আর্চার নিশ্চিতভাবেই খেলতে পারছেন না। ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের পুরোটা কিংবা বড় একটা অংশও বাইরে থাকবেন তিনি। তারপরও এই সময়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ বছরের শেষ নাগাদ টি-২০ বিশ্বকাপ ও অ্যাশেজে তাকে পুরো ফিট চায় দল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!