বুন্দেসলিগার এবারের মৌসুমেও থাকছে ৫ বদলির নিয়ম
জার্মান বুন্দেসলিগা ও বুন্দেসলিগা ২-এ আসন্ন অর্থাৎ ২০২১-২২ মৌসুমেও প্রতিটি দল এক ম্যাচে পাঁচ জন করে বদলি খেলোয়াড় মাঠে নামানোর সুযোগ পাবেন।
জার্মান ফুটবল লিগ (ডিএফএল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি আরো জানিয়েছে, এখন থেকে অ্যাওয়ে দলের দর্শকদেরও মাঠে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হবে। আগামী ২৭ আগস্ট তৃতীয় ম্যাচ ডে থেকে এই সুযোগ দেয়া হবে।
করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ মৌসুমের শেষভাগে লিগ দীর্ঘদিন বন্ধ থাকার পর ঠাসা সূচিতে পুনরায় শুরু হয়। ওই সময় খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির বিবেচনায় বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচ জন করার সিদ্ধান্ত নেয়া হয়।
.png)
পরবর্তীতে ২০২১ সালের আগস্ট পর্যন্ত নিয়মটি রেখে দেওয়ার কথা জানায় ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি। সম্প্রতি তারাই জানায়, ২০২২ সালের শেষ পর্যন্ত পাঁচ বদলির নিয়মটি চালিয়ে যেতে পারবে লিগগুলো। এরই প্রেক্ষিতে বুন্দেসলিগায় নিয়মটি বহাল রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
কোভিড-১৯ এর কারণে বুন্দেসলিগার গত মৌসুমে বেশিরভাগ ম্যাচ দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে কেবল স্বাগতিক দলের কিছু সংখ্যক দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছিল। এবার মৌসুমের তৃতীয় ম্যাচ ডে থেকে অ্যাওয়ে দলের দর্শকদেরও মাঠে ফেরানোর কথা জানাল ডিএফএল।
বুন্দেসলিগার আগামী মৌসুম শুরু হচ্ছে ১৩ আগস্ট। প্রথম ম্যাচে শিরোপাধারী বায়ার্ন মিউনিখ খেলবে বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে।