নিজ দেশের পিচ নিয়ে ক্ষেপেছেন পোলার্ড
তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজিত হয়ে ওয়ানডে সিরিজ হেরেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয়েছে বার্বাডোজে। ঘরের মাঠে এই সিরিজের পিচ দেখে চরম ক্ষুব্ধ ক্যারিবীয়রা। স্বাগতিক অধিনায়ক কাইরন পোলার্ড সিরিজ শেষে পিচ নিয়ে খোলাখুলিভাবেই তার ক্ষোভ ঝেড়েছেন।
সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১২৩ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে জয় পেলেও শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫২ রানে অলআউট হয় স্বাগতিকরা। তিন ম্যাচেই সময়ের সঙ্গে সঙ্গে উইকেট ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়েছে। শেষ ম্যাচে এই সুবিধা কাজে লাগিয়েছে অজি স্পিনাররা।
বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পোলার্ড। বার্বাডোজের উইকেটকে আন্তর্জাতিক ম্যাচের উপযুক্ত নয় বলছেন তিনি।
.png)
ম্যাচ শেষে পোলার্ড বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এটা মেনে নেয়া যায় না। আগের দুই ম্যাচেও পিচে সংগ্রাম করতে হয়েছে। আর এই ম্যাচের উইকেট তো আন্তর্জাতিক ক্রিকেটে অগ্রহণযোগ্য।’
যদিও এই অভিযোগকে সিরিজ হারের অজুহাত হিসেবে দাঁড় করাতে রাজি নন পোলার্ড। তিনি বলেন, ‘আমরা একে অজুহাত বানাচ্ছি না। মেনে নিচ্ছি যে আমরা খুব বাজে ব্যাটিং করেছি। তবে সেন্ট লুসিয়া থেকে এখানে এসে এমন উইকেটে খেলা সত্যিই খুব হাস্যকর ছিল।’