উরুর ইনজুরির কারণে কাল মাঠে ছিলেন না পিএসজির মূল তারকা মেসি। ৯০ মিনিট পর্যন্ত পিএসজি ২-১ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েছে। পিএসজির হয়ে প্রথমার্ধে দুটি গোলই করেছেন জর্জিনিও উইজনালডাম।
এর আগে ক্রিস্টোফার এনকুনকুর গোলে ৮ মিনিটে এগিয়ে গিয়েছিল লিপজিগ। ম্যাচের একেবারে শেষ মিনিটে ডিফেন্ডার প্রিসনেল কিম্পেম্বে ডি বক্সের মধ্যে এনকুনকুকে ফাউল করে বসলে পেনাল্টি উপহার পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে কোন ভুল করেননি জোবোসলাই।
.png)
ম্যাচ শেষে ডাচ তারকা মিডফিল্ডার উইজনালডাম বলেছেন, ‘আমাদের শুরুটাই ভাল হয়নি। কিন্তু লিপজিগ পুরো ম্যাচেই ভাল খেলেছে, আমাদের লড়াই করে ম্যাচে ফিরতে হয়েছিল। দ্বিতীয়ার্ধে আমরা বেশ কিছু সুযোগ তৈরী করলেও গোল আদায় করতে পারিনি।
তিনি আরো বলেন, এই ম্যাচ থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেয়া উচিত। কারন আমরা ২-১ গোলে এগিয়ে থেকে তা ধরে রাখতে পারিনি। এখনো আমাদের বেশ কিছু জায়গায় উন্নতি প্রয়োজন আছে।’
এই ড্রয়ে ম্যানচেস্টার সিটির কাছে পিএসজি গ্রুপ-এ’র শীর্ষস্থানটি এক পয়েন্টের জন্য হারিয়েছে। কাল ক্লাব ব্রাগাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপের শীর্ষস্থানটি দখল করেছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। তিন সপ্তাহ পর ম্যানচেস্টার সিটির মোকাবেলা করবে পিএসজি।
পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন, ‘সিটির পরে দ্বিতীয় স্থানে থাকায় আমাদের জন্য কোন কিছুই পরিবর্তন হয়ে যায়নি। আমাদের সামনে এখনো শীর্ষস্থান ফিরে পাবার সম্ভাবনা আছে।’
এর আগে তিনটি ম্যাচেই পরাজিত হওয়া লিপজিগ কাল ইউরোপীয়ান আসরে এবারের মৌসুমে প্রথম পয়েন্ট অর্জন করলেও তলানির দল হিসেবে ইতোমধ্যেই তাদের বিদায় ঘটেছে। লিপজিগের মার্কিন কোচ জেসি মার্শ বলেছেন, ‘আমাদের এই ম্যাচটি অবশ্যই জেতা উচিত ছিল। নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে না পারায় আমি খুবই হতাশ। আমরা যদি ২-০ গোলে এগিয়ে যেতে পারতাম তবে পিএসজির জন্য ম্যাচে ফিরে আসা কঠিন হয়ে পড়তো।’
দুই সপ্তাহ আগে প্যারিসের মাঠে পিএসজির কাছে ৩-২ গোলের পরাজয়ের ম্যাচটিতে দারুন লড়াই করেছিল জার্মান ক্লাবটি। কালও তাদের শুরুটা দারুন হয়েছিল। ম্যাচ শুরুর মাত্র ২০ সেকেন্ডের মধ্যে আন্দ্রে সিলভার শট পিএসজির অধিনায়ক মারকুইসহোস লাইনের উপর থেকে ক্লিয়ার করতে বাধ্য হন। এর আগে অবশ্য তার শটটি গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা রক্ষা করেছিলেন।
স্বাগতিকরা চাপ অব্যাহত রেখে একের পর এক আক্রমন করতে থাকে। সিলভার ক্রস থেকে ৮ মিনিটে লিপজিগকে এগিয়ে দিতে এনকুনকু অবশ্য কোন ভুল করেননি। চ্যাম্পিয়ন্স লিগের চার ম্যাচে এটি এনকুনকুর পঞ্চম গোল। ১২ মিনিটে আরো একটি আক্রমন থেকে আদায় করা পেনাল্টি থেকে সিলভার দূর্বল শট সহজেই রুখে দেন ডোনারুমা।
এইন্ট্রাখট ফ্রাংকফুর্ট থেকে লিপজিগে যোগ দেবার পর থেকে সিলভা এখনো কোন ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি। ২১ মিনিটে কিলিয়ান এমবাপ্পের ক্রসে লিভারপুলের সাবেক মিডফিল্ডার উইজনালডাম দারুন এক ফ্লিকে সমতা ফেরান।
মারকুইনহোসের হেডে লাইনের উপর থেকে ক্লিয়ার হবার আগে উইজনালডামের পা স্পর্শ করেছিল। ভিএআর প্রযুক্তি এটিকে গোল হিসেবে পিএসজিকে উপহার দিলে ৩৯ মিনিটে এগিয়ে যায় প্যারিসের জায়ান্টরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপ্পের দুটি শট রুখে দেন লিপজিগ গোলরক্ষক পিটার গুলাসি। এনকুনকে ফাউলের অপরাধে ইনজুরি টাইমে প্রাপ্ত পেনাল্টি থেকে শেষ পর্যন্ত জোবোসলাই লিপজিগের সান্তনার এক পয়েন্ট নিশ্চিত করেন।