নিজের স্বপ্নের কথা জানালেন তাসকিন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারদের তালিকা করলে সেখানে প্রথমদিকেই থাকবে তাসকিন আহমেদের নাম। মাঝে অফ ফর্মের কারণে দীর্ঘদিন আসা যাওয়ার মাঝে ছিলেন তিনি। তবে খারাপ সময় পেছনে ফেলে বড় মানের বোলার হওয়ার স্বপ্নের কথা জানিয়েছেন এই পেসার।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন তাসকিন। বিশ্বকাপের মত মঞ্চে ছড়িয়েছেন আলো। যদিও দলের পারফরম্যান্স ছিল মলিন। বিশ্বকাপের আগে তিন ফরম্যাটেই এই পেসারের পারফরম্যান্স ছিল দেখার মত।
জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে ওঠা তাসকিন জানিয়েছেন, তার নজরকাড়া বোলিংয়ের পেছনে আছে দুই-তিন বছরের পরিশ্রম ও ধারাবাহিক প্রক্রিয়া। তবে এখনো কাঙ্ক্ষিত উন্নতির পর্যায়ে পৌঁছাতে পারেননি। আর উন্নতির প্রক্রিয়াও এখনো শেষ হয়নি।
.png)
তাসকিন বলেন, ‘সত্যি বলতে বোলিংয়ে উন্নতির জন্য গত দুই-তিন বছর ধরেই প্রসেস চলছে। এটা দুই-আড়াই মাসে হয়নি। এটার জন্য গত দুই-তিন বছর ধরে কষ্ট করছি। আগের চেয়ে উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ। এখনো প্রসেসেই আছি।’
এরপর নিজের স্বপ্নের কথা জানিয়ে তাসকিন বলেন, ‘এখনো অনেক কিছু শিখে ফেলিনি বা অনেক কিছু করে ফেলিনি। আগের চেয়ে উন্নতি হয়েছে। আগের চেয়ে গতি ও লেন্থ ধারাবাহিক হয়েছে। তবে আমি এখনও শিখছি।’
তিনি আরো বলেন, ‘দেশি ও বিদেশি কোচরা আমাকে অনেক সাহায্য করছেন। ভবিষ্যতে একজন বিশ্বমানের বোলার হওয়া, বড় মানের বোলার হওয়া আমার স্বপ্ন। এজন্য প্রসেস ঠিক রাখছি। ভালো খারাপ হবেই, কিন্তু প্রসেস ঠিক রাখতে চাই।’