বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের দলের ভরাডুবির মূল কারণ হিসেবে মিরপুরের নিচু-মন্থর উইকেটকেই সবাই দোষ দিয়েছেন। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার-অ্যাডাম জাম্পা তো মিরপুরের ২২ গজকে ‘সবচেয়ে বাজে’ পিচ বলেও উল্লেখ করেছেন।
এবার পিচের সমালোচনায় যোগ দিয়েছেন শহীদ আফ্রিদি। মিরপুরে গতকাল শেষ বলের রোমাঞ্চে বাংলাদেশকে ধবলধোলাই করার পর পাকিস্তানের সাবেক অধিনায়ক টুইটারে উত্তরসূরিদের অভিনন্দন জানান। এরপর পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
.png)
আফ্রিদি লিখেছেন, ‘বাংলাদেশকে সত্যিকার অর্থেই আত্মার অনুসন্ধানে (প্রাণবন্ত পিচ) নামতে হবে। নয়তো এ ধরনের পিচে জয়ের পরও বিদেশে ও বিশ্বকাপে সাদামাটা পারফরম্যান্স চলতেই থাকবে।’
তিনি আরো লেখেন, ‘তাদের দলে অনেক প্রতিভা। খেলাটির প্রতি গভীর আবেগেরও অভাব নেই। কিন্তু উন্নতি করতে চাইলে জরুরি ভিত্তিতে ভালো পিচ বানাতে হবে।’
বিশ্বকাপে ভরাডুবির পর স্পোর্টিং উইকেট তৈরির আশ্বাস দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো পাকিস্তান বধের নেশায় সেই নিচু-মন্থর উইকেটঈ বানিয়ে রেখেছে গ্রাউন্ডস কমিটি। কিন্তু নিজেদের ফাঁদে এবার নিজেরাই আটকা পড়েছে টাইগাররা। এবার কি তবে পিচের চেহারা বদলাবে বিসিবি?