রোববার জেডন সানচোর গোলে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। তবে মিডফিল্ডার জর্জিনহোর পেনাল্টিতে শেষ রক্ষা হয়েছে ব্লুজদের। ১-১ গোলের ড্রয়ের মাধ্যমে কোনমতে এক পয়েন্ট নিয়ে বাড়ি ফিরেছে চেলসি।
যদিও ঘরের মাঠে দীর্ঘ সময় ধরে থমাস টাচেলের দলেরই প্রাধান্য ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে জর্জিনহো বল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সানচোর জন্য গোলের পথ সুগম হয়ে যায়।
.png)
৬৯ মিনিটে থিয়াগো সিলভাকে ফাউলের অপরাধে অ্যারন ভন বিসাকার বিপক্ষে পেনাল্টি আদায় করে নেয় চেলসি। স্পট কিক থেকে জর্জিনহো গোল করে একদিকে আগের ভুল কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছেন, একইসাথে চেলসিকে মূল্যবান এক পয়েন্ট উপহার দিয়েছেন। ম্যাচে একের পর এক আক্রমণ রক্ষা করে কার্যত ইউনাইটেডকে বাঁচিয়েছেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া।
সব ধরনের প্রতিযোগিতায় এ নিয়ে টানা ১১ ম্যাচে অপরাজিত থাকলো চেলসি। ম্যানচেস্টার সিটির থেকে এক পয়েন্ট এগিয়ে চেলসি টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে।
গতকাল দিনের শুরুতে সিটিজেনরা ২-১ গোলে চতুর্থ স্থানে থাকা ওয়েস্ট হ্যামকে পরাজিত করেছে। চেলসির থেকে ১২ পয়েন্ট পিছিয়ে অষ্টম স্থানে রয়েছে ইউনাইটেড। কিন্তু একের পর এক ব্যর্থতায় মানসিক ভাবে বিপর্যস্ত ইউনাইটেডের খেলোয়াড়রা এই ম্যাচের পর কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবে।
ওলে গানার সুলশারের বরখাস্তের পর এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে মাইকেল ক্যারিকের অধীনে ইউনাইটেড খেলতে নেমেছিল। মৌসুমের শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রাল্ফ রাগনিকের নিয়োগ দ্রুতই সম্পন্ন হবে বলে আভাস পাওয়া গেছে।
লোকোমোটিভ মস্কোর স্পোর্টস ও ডেভেলপমেন্ট প্রধান রাগনিকের সাথে আলোচনা চলছে ইউনাইটেডের। কিন্তু এই সময়ের মধ্যে ক্যারিকের অধীনে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ের পর কাল চেলসির বিপক্ষে বড় ম্যাচে এক পয়েন্ট সংগ্রহ করে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে ইউনাইটেড।
কাল ৬৩ মিনিটে বদলী বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আক্রমণভাগে ব্রুনো ফার্নান্দেস, মার্কোস রাশফোর্ড ও সানচোর উপরই কোচের আস্থা ছিল। ম্যাচের শুরুতে হাকিম জিয়েচের শট দারুন দক্ষতায় রুখে দেন ডি গিয়া।
পরের মিনিটে থিয়াগো সিলভার লম্বা পাস থেকে মার্কোস আলোনসোর হেড ও ক্যালুম হাডসন ওদোইয়ের শটও ডি গিয়া রক্ষা করলে এগিয়ে যাওয়া হয়নি চেলসির। ২৫ গজ দুর থেকে এন্টোনিও রুডিগারের শটটি কর্ণারের মাধ্যমে রক্ষা করেন ডি গিয়া। প্রথমার্ধে চেলসির এরিয়ায় দু’বার ভাল দুটি আক্রমণ করেছিল ইউনাইটেড।
তবে শেষ পর্যন্ত বিরতির পর পাঁচ মিনিটে সফল হয় ইউনাইটেড। ফার্নান্দেসের বাড়ানো বলে জর্জিনহো সহজেই তা ক্লিয়ার করতে পারতেন।কিন্তু চেলসি অধিনায়কের ভুলে সানচো বল পেয়ে এডুয়ার্ডো মেন্ডিকে পরাস্ত করতে কোন ভুল করেননি।
বরুসিয়ার ডর্টমুন্ড থেকে ইউনাইটেডে আসার পর ১৪ ম্যাচ গোলবিহীন থাকা সানচো গত দুই ম্যাচে দুই গোল করলেন। এক গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফিরে আসার জন্য মরিয়া হয়ে উঠে চেলসি। তারই ধারাবাহিকতায় ৬৯ মিনিটে সিলভাকে অযথাই ফাউল করে বসেন ভন-বিসাকা। স্পট কিক থেকে জর্জিনহো ডি গিয়াকে উল্টো দিকে পাঠিয়ে দলের এক পয়েন্ট নিশ্চিত করেন।