ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অস্ট্রেলিয়ান ওপেনের এন্ট্রি লিস্টে বার্টি, জকোভিচ, নাদাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৭, ৯ ডিসেম্বর ২০২১
অস্ট্রেলিয়ান ওপেনের এন্ট্রি লিস্টে বার্টি, জকোভিচ, নাদাল
ফাইল ছবি

আসন্ন ২০২২ অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বার্টি, জকোভিচ, নাদাল। বুধবার প্রকাশিত খেলোয়াড় তালিকায় পুরুষ ও নারী দুই বিভাগের শীর্ষ খেলোয়াড় হিসেবে নোভাক জকোভিচ ও অ্যাশলে বার্টির নাম অন্তর্ভূক্ত হয়েছে।

বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচ রেকর্ড ১০ম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন। একইসাথে তার সামনে সুযোগ রয়েছে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়েরও।

বিশ্বের শীর্ষ ৫০ র‌্যাঙ্কধারী খেলোয়াড়দের মধ্যে ৪৯ জনই এবার অংশ নিচ্ছেন। যার মধ্যে রয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২ নম্বরে থাকা ডানিল মেদভেদেব। এ বছর ইউএস ওপেনের ফাইনালে এই মেদভেদেভের কাছে পরাজিত হয়েছেন জকোভিচ।

Advertisement

আগস্টের পর প্রথমবারের মত কোর্টে নামতে যাচ্ছেন রাফায়েল নাদাল। তারও লক্ষ্য জকোভিচের সমান ২০তম স্ল্যাম শিরোপার রেকর্ডকে ছাড়িয়ে যাওয়া। এদিকে কব্জির ইনজুরি কাটিয়ে ছয় মাস পর প্রতিযোগিতায় নামছেন ২০২০ ফাইনালিস্ট ডোমিনিক থিয়েম।

এই বিভাগে অনুপস্থিত থাকা সবচেয়ে বড় নাম হলো রজার ফেদেরার। হাঁটুর অস্ত্রোপচারের পর এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। তার সুইস সতীর্থ ও ২০১৪ অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী স্ট্যান ওয়ারিঙ্কাও ইনজুরির কারণে বিশ্রামে রয়েছেন।

নারীদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা বার্টি প্রথম অস্ট্রেলিয়ান খেলোয়াড় হিসেবে ৪৪ বছরের ইতিহাসে শিরোপা জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন।

এই বিভাগেও বিশ্বের শীর্ষ ৪০ খেলোয়াড়ই অংশ নিচ্ছেন। এর বাইরে থাকা ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা উইলিয়ামস ও ২০১৯ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন কিয়ানকা আন্দ্রেসকু বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা ক্যারিয়ারের পঞ্চম স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়েই মেলবোর্নে খেলতে আসছেন। এবারের আসরে অভিষেক হতে যাচ্ছে ইউএস ওপেন বিজয়ী এমা রাদুকানুর। ব্রিটিশ এই টিনএজার বর্তমানে ক্যারিয়ার সেরা ১৯ নম্বর র‌্যাঙ্কিংয়ে আছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!