ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

নাটকীয়ভাবে অস্ট্রেলিয়ার অধিনায়ক হলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫১, ১৬ ডিসেম্বর ২০২১
নাটকীয়ভাবে অস্ট্রেলিয়ার অধিনায়ক হলেন স্মিথ
স্টিভ স্মিথ

একসময় অস্ট্রেলিয়া টেস্ট দলের মিয়মিত অধিনায়ক ছিলেন স্টিভেন স্মিথ। অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় প্রায় সাড়ে তিন বছর আগে অধিনায়কত্ব হারান তিনি। এরপর আবারো দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। যেখানে বলা যায় অনেকটা নাটকীয়ভাবেই পেলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।

চলমান দ্য অ্যাশেজ সিরিজের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক করা হয় প্যাট কামিন্সকে। সিরিজের প্রথম টেস্টে তিনিই দিয়েছেন নেতৃত্ব। আর তার সহ-অধিনায়ক করা হয়েছিল স্মিথকে। 

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। ম্যাচের আগের দিন করোনা আক্রান্ত রোগীর কাছাকাছি সংস্পর্শে যাওয়ায় হঠাৎ করেই এই ম্যাচ থেকে ছিটকে গেছেন অজি অধিনায়ক কামিন্স। ফলে অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্বভার পেয়েছেন স্মিথ।

সবশেষ ২০১৮ সালের মার্চে অজিদের নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। তিনি সহ-অধিনায়ক থেকে অধিনায়ক হয়ে যাওয়ায় তার ডেপুটি হিসেবে অ্যাডিলেডে দায়িত্ব পালন করবেন বাঁহাতি ব্যাটার ট্রেভিস হেড। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

ম্যাচের আগেরদিন অর্থাৎ বুধবারই একাদশ ঘোষণা করে দিয়েছিলেন কামিন্স। যেখানে তার নেতৃত্বে প্রথম ম্যাচের একাদশে ছিল মাত্র একটি পরিবর্তন। ইনজুরিতে পড়া জশ হ্যাজলউডের জায়গায় নেওয়া হয়েছিল ঝাই রিচার্ডসনকে। এবার কামিন্সও ছিটকে যাওয়ায় অভিষেক হতে চলেছে আরেক পেসার মাইকেল নেসারের।

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ:

মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মাইকেল নেসার, মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও ঝাই রিচার্ডসন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!