বুধবার জানা যায়, বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে অধিনায়ক মুমিনুল হকসহ দলের নয় সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছিল।
পরদিন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন নিউজিল্যান্ড থেকে দেন সুখবর। বৃহস্পতিবার সকালে তিনি জানান, বাংলাদেশ দলে নতুন করে আর কোনো করোনা পজিটিভ নেই। তাই কোয়ারেন্টিন থেকে বের হয়ে অন্য হোটেলে চলে যেতে পারবেন তারা। কিন্তু এরপরই আসে দুঃসংবাদ।
.png)
নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন করে জানানো হয়েছে, বাংলাদেশ দলের সবাইকেই আরো তিন দিন রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনা পরীক্ষায় নেগেটিভ হলেও হেরাথের সঙ্গে একই ফ্লাইটে থাকায় সবাইকে ‘ইয়েলো ব্যান্ড’ পরতে হবে। এছাড়া ক্রিকেটারদের মাঠে গিয়ে অনুশীলন, জিমনেসিয়ামে যাওয়া এসবও বন্ধ থাকবে।
কয়েক দিন ধরেই ক্রাইস্টচার্চের আবহাওয়া খুব একটা সুবিধার না। টানা বৃষ্টি আর কনকনে ঠান্ডায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের অবস্থা জবুথবু। তবে কালকের দিনটা ছিল অন্য রকম। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকালই সবাই একসঙ্গে মাঠে মিলিত হয়েছিলেন।