ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অবশেষে থামল লিভারপুলের জয়রথ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৩, ২০ ডিসেম্বর ২০২১
অবশেষে থামল লিভারপুলের জয়রথ
লিভারপুলের মোহাম্মদ সালাহ এদিন গোল বা অ্যাসিস্ট কোনোটিরই দেখা পাননি

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) টটেনহ্যামের মাঠে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও পরে ঘুরে দাঁড়িয়ে জয়ের আশা জাগায় লিভারপুল। কিন্ত অল রেড গোলরক্ষক আলিসন বেকারের মারাত্মক এক ভুলে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের জয় হাতছাড়া হয়েছে। যার ফলে অবশেষে থেমেছে তাদের জয়রথ।

লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রোববার রাতে ইপিএলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এতে লিগে টানা ছয় জয়ের পর পয়েন্ট হারাল অল রেডরা।

শুরু থেকেই আক্রমণ পাল্টা-আক্রমণে জমে ওঠে লড়াই। দ্বিতীয় মিনিটে প্রথম সুযোগ পায় লিভারপুল। স্বদেশি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের বিপজ্জনক ক্রসে আরেক ইংলিশ ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসনের হেড সে যাত্রায় লক্ষ্যে থাকেনি। দশম মিনিটে আলেকজান্ডার আর্নল্ডের শট ঠেকান গোলরক্ষক হুগো লরিস।

Advertisement

ত্রয়োদশ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে এগিয়ে যায় টটেনহ্যাম। সতীর্থের থ্রু বল ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় নিচু শটে জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। তিন মিনিট পর ফাঁকায় বল পেয়ে বাইরে মেরে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন সন হিউং-মিন।

ম্যাচের ২৪তম মিনিটে লিভারপুলের সামনে সুযোগ আসে। সেবার সাদিও মানের প্রচেষ্টা ফিরিয়ে জাল অক্ষত রাখেন লরিস। পাঁচ মিনিট পর ওয়ান-অন-ওয়ানে ডেলে আলির শট ঝাঁপিয়ে এক হাতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন আলিসন।

৩৫তম মিনিটে সমতায় ফেরে লিভারপুল। বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে রবার্টসনের ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে বল জালে পাঠান দিয়োগো জোতা। আসরে এ নিয়ে পর্তুগিজ ফরোয়ার্ডের গোল হলো ১০টি।

৫৫তম মিনিটে দলকে ফের এগিয়ে নেয়ার আরেকটি সুযোগ পান কেইন। এ যাত্রায় তার বাঁ পায়ের শট রুখে দেন আলিসন। ৬৯তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। আলেকজান্ডার আর্নল্ডের ক্রসে কাছ থেকে হেডে গোলটি করেন রবার্টসন।

৭৪তম মিনিটে ম্যাচের সবচেয়ে বড় ভুল করেন আলিসন। সনের উদ্দেশে বেন ডেভিসের বাড়ানো পাস পোস্ট ছেড়ে বেরিয়ে ক্লিয়ার করার চেষ্টায় বলে পা-ই ছোঁয়াতে পারেননি ব্রাজিলিয়ান গোলরক্ষক। ফাঁকা জালে বল পাঠিয়ে সমতা টানেন সন।

তিন মিনিট পর বড় ধাক্কা খায় লিভারপুল। টটেনহ্যামের ডিফেন্ডার এমারসনকে ফাউল করে বসেন রবার্টসন। ভিএআরের সাহায্যে তাকে লাল কার্ড দেখান রেফারি। শেষ পর্যন্ত অবশ্য তাদের আর কোনো বিপদ হয়নি।

লিগে ১৮ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। উলভারহ্যাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করা চেলসি ৩৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। ৩২ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!