ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

পুরনো কথা মনে পড়ছে স্মিথের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৮, ২১ ডিসেম্বর ২০২১
পুরনো কথা মনে পড়ছে স্মিথের
স্টিভ স্মিথ

বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ না হলে স্টিভ স্মিথ আজ কোথায় থাকতেন কে জানে! তবে নিজের সময়ের সেরা অধিনায়ক হওয়ার সম্ভাবনাটা বেশ ভালোভাবেই ছিল তার মধ্যে। শুধু ঐ একটি ভুলই এলোমেলো করে দিয়েছে সব। আন্তর্জাতিক ক্রিকেট থেকেই তো নির্বাসিত ছিলেন দীর্ঘ এক বছর।

এরপর আবার ক্রিকেটে ফিরেছেন স্মিথ। তবে ভবিষ্যতে কখনো অধিনায়কত্ব পাবেন না তিনি, শোনা গিয়েছিল এমনটাই। তবে চলতি অ্যাশেজের আগে স্মিথকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর সিরিজের দ্বিতীয় টেস্টেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেন সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়।

নেতৃত্ব পেয়ে পুরোনো অনেক স্মৃতি মনে পড়েছে বলে জানিয়েছেন স্মিথ। এই অজি ব্যাটার বলেন, ‘এটা খুবই উপভোগ্য সপ্তাহ ছিল। কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেওয়া বিশেষ কিছু। গ্যাবায় যেটার শুরু হলো সেটাও আমরা ধরে রাখতে পেরেছি।’

তিনি আরো বলেন, ‘এটা পুরোনো অনেক স্মৃতি ফিরিয়ে এনেছে। আমি মজা করেছি। এটা আসলে কামিন্সের দল, আমি সহ অধিনায়ক। আমি তাকে যেকোনোভাবে সাহায্য করে যাবো। এটাই আমার কাজ। আশা করি ব্যাট হাতেও দলকে নেতৃত্ব দিয়ে যেতে পারবো।’

অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডকে ২৭৫ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মিচেল স্টার্ক। ম্যাচে ৪৩ ওভার ১ বল হাত ঘুরিয়ে ৮০ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। অনেকদিন পর তাকে এমন বোলিং করতে দেখেছেন স্মিথ।

এ বিষয়ে অজি অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় স্টার্ককে অনেকদিনের মধ্যে সেরা বোলিংটা করতে দেখলাম। সে কন্ডিশনটা খুব ভালো বুঝেছে, বুঝতে পেরেছে সুইং হচ্ছে না। একটা সুন্দর লাইন ও লেন্থে বল করেছে। পুরোটা ম্যাচেই অবিশ্বাস্য ভালো বল করেছে আমাদের বোলিং আক্রমণের নেতৃত্বও দিয়েছে।’

স্মিথ যোগ করেন, ‘রুটকে আগের দিন শেষ বলে ফেরাতে পারাটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল। তার অবশ্যই যথেষ্ট কষ্ট আছে। কিন্তু আমি স্টার্কের বোলিংটাকে সরিয়ে রাখতে পারি না। সে খুব সুন্দরভাবে সব সেট আপ করেছে। রাউন্ড দ্য উইকেটে এসেছে কারণ রুট খুব ভালোভাবে স্টার্কের বলগুলো ছেড়ে দিচ্ছিলো।’

অ্যাডিলেড টেস্টে ৬ উইকেট নিয়ে জেসেন গিলেস্পিকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ১৮তম স্থানে উঠে এসেছেন স্টার্ক। এ বিষয়ে স্মিথ বলেন, ‘সে একজন ক্লাস বোলার। সেরা কয়েকজন টেস্ট খেলুড়ে বোলারের মতোই তার স্ট্রাইক রেট উন্নতি করছে। সে যেভাবে ম্যাচটিতে খেলেছে, আমি সত্যিই পছন্দ করেছি। পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে বল করেছে, দুর্দান্ত লাইন ও লেন্থ ধরে রেখেছে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!