চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে তৃতীয় দিন শেষে ১৫৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তৌহিদ হৃদয়। আজ (বুধবার) ম্যাচের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপুটে ব্যাটিং করতে থাকেন তিনি।
তারই ধারাবাহিকতায় দিনের প্রথম সেশনেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূরন করেন। ৩৭৪ বলে ১৫টি চার ও ৩টি ছয়ের মারে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। যদিও পরে আর ইনিংসটাকে বেশি বড় করতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান।
.png)
সাজঘরে ফেরার আগে ৩৮৭ বল খেলে ২১৭ রানে থামেন হৃদয়। ধৈর্যশালী ব্যাটিংয়ে ১৬টি চারের সঙ্গে হাঁকান ৪টি ছক্কা। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে উত্তরাঞ্চলের অধিনায়ক মার্শাল আইয়ুবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
ম্যাচে এর আগে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে নাঈম ইসলামের সেঞ্চুরির কল্যাণে ৩৮৫ রান করে উত্তরাঞ্চল। পরে নিজেদের প্রথম ইনিংস শুরু করতে নেমে দক্ষিণাঞ্চল এখন পর্যন্ত ৬ উইকেটে ৪৭৮ রান সংগ্রহ করেছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ রান নিয়ে ফরহাদ রেজা ও ১ রানে মেহেদী হাসান ক্রিজে আছেন। লিড নিয়েছে ৯৩ রানের। এই ম্যাচে আর মাত্র দুটি সেশন বাকি। ফলে নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডের এই খেলা।