ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চলতি বছর ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সেরা তিনে তামিম

সালতামামি-২০২১
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫২, ২৬ ডিসেম্বর ২০২১
চলতি বছর ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সেরা তিনে তামিম
তামিম ইকবাল (ফাইল ছবি)

দেখতে দেখতে শেষের পথে চলে এসেছে ২০২১ সাল। চলতি বছর বাকি রয়েছে আর মাত্র দুটি ওয়ানডে ম্যাচ। তবে করোনার কারণে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মধ্যকার সেই ম্যাচ নিয়ে আছে অনিশ্চয়তা। এমতাবস্থায় এখন পর্যন্ত এ বছর ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল।

আজ (২৬ ডিসেম্বর) পর্যন্ত ২০২১ সালে ৭১টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে সবচেয়ে বেশি ১৫টি ম্যাচ খেলেছে শ্রীলংকা। এছাড়া আয়ারল্যান্ড খেলেছে ১৪টি। এরপরই রয়েছে বাংলাদেশ। টাইগাররা এ বছর ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছে।

এ কারণে স্বাভাবিকভাবেই চলতি বছরের দলীয় কিংবা ব্যক্তিগত পরিসংখ্যানে এগিয়ে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। ২০২১ সালে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টারলিং। সেরা দশে রয়েছেন বাংলাদেশের তিনজন। আর সেরা তিনে আছেন তামিম।

Advertisement

এ বছর বাংলাদেশের ১২ ওয়ানডের সবকয়টি খেলেছেন অধিনায়ক ও বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। যেখানে এক সেঞ্চুরি ও চার ফিফটিতে প্রায় ৩৯ গড়ে ৪৬৪ রান করেছেন তিনি। এটি চলতি বছর ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। এছাড়া তালিকার ছয় নম্বরে মুশফিকুর রহিম ও আট নম্বরে মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন।

২০২১ সালে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার তালিকায় আয়ারল্যান্ড দ্বিতীয় অবস্থানে থাকলেও, সেই ১৪ ম্যাচে ৭০৫ রান করে স্টারলিং রয়েছেন শীর্ষে। এ বছর তিনি তিনটি সেঞ্চুরি ও দুইটি ফিফটি হাঁকিয়েছেন, রান করেছেন ৫৪.২৩ গড়ে। তার সর্বোচ্চ রানের ইনিংসটি অপরাজিত ১৩১ রানের।

চলতি বছর ২৯ জন ব্যাটার হাঁকিয়েছেন মোট ৩৪টি সেঞ্চুরি। যেখানে সর্বোচ্চ তিন সেঞ্চুরির মালিক স্টারলিংই। এছাড়া জোড়া সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার জানেমান মালান, পাকিস্তানের বাবর আজম ও ফাখর জামান। এ বছরের সর্বোচ্চ ১৯৩ রানের ইনিংসটিও খেলেছেন ফাখর।

ওয়ানডেতে ২০২১ সালে সর্বোচ্চ ৫ রান সংগ্রাহকের তালিকা

১/ পল স্টারলিং (আয়ারল্যান্ড) - ১৪ ইনিংসে ৫৪.২৩ গড়ে ৭০৫ রান, সর্বোচ্চ ১৩১*
২/ জানেমান মালান (দক্ষিণ আফ্রিকা) - ৭ ইনিংসে ৮৪.৮৩ গড়ে ৫০৯ রান, সর্বোচ্চ ১৭৭*
৩/ তামিম ইকবাল (বাংলাদেশ) - ১২ ইনিংসে ৩৮.৬৬ গড়ে ৪৬৪ রান, সর্বোচ্চ ১১২
৪/ হ্যারি টেক্টর (আয়ারল্যান্ড) - ১৪ ইনিংসে ৩৭.৮৩ গড়ে ৪৫৪ রান, সর্বোচ্চ ৭৯
৫/ অ্যান্ডি ব্যালবার্নি (আয়ারল্যান্ড) - ১৪ ইনিংসে ৩২.৩৮ গড়ে ৪২১ রান, সর্বোচ্চ ১০২

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!