বুধবার রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। এতে পেপ গার্দিওল্র দলের বছরটা শেষ হলো লিগে টানা দশম জয় নিয়ে।
শেষ তিন ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রতিপক্ষের জালে জড়িয়েছিল সর্বমোট ১৭ গোল। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১৬ মিনিটে যখন কেভিন ডি ব্রুইনার পাস থেকে ফিল ফোডেনের লক্ষ্যভেদে প্রথম গোলের দেখা পেল সিটি, তখন মনে হচ্ছিল, এবার বুঝি গোল-বন্যার দুয়ার খুলে গেল।
.png)
তবে ব্রেন্টফোর্ড এরপর ম্যাচে ফেরার চেষ্টায় ভালোভাবেই আক্রমণ শানাতে থাকে। তবে সিটি রক্ষণ দেয়াল তুলে দাঁড়ায় দলটির সামনে। ফলে আক্রমণ করলেও গোলের দেখা আর পায়নি স্বাগতিকরা।
উল্টো সিটিই দ্বিতীয় গোল পেয়ে যেতে পারতো ম্যাচের শেষ দিকে। তবে আইমেরিক লাপোর্তের ৮৭ মিনিটের চেষ্টাটা গোলে রূপ নেয়নি অফসাইডের কাটায়। ফলে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।
দিনের অন্য খেলায় ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইউরোপ সেরা চেলসি। এখানে শুরুতে এগিয়েই গিয়েছিল কোচ থমাস টুখেলের দল। ২৮তম মিনিটে রোমেলু লুকাকুর গোলে এগিয়ে যায় ব্লুজরা।
ম্যাচের অন্তিম সময়ে ড্যানি ওয়েলব্যাকের গোল চেলসির জয়ের আশা শেষ করে দেয়। শেষ পর্যন্ত ১-১ ড্রয়ে মাঠ ছাড়ে তারা। নিজেদের শেষ ম্যাচে দুইয়ে থাকা চেলসির এই ড্র, আর সিটির জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে সিটির জায়গাটা আরও পাকাপোক্ত হলো।
লিগে ২০ ম্যাচে ৫০ পয়েন্ট পেয়েছে গার্দিওলার দল। আর চেলসি সমান ম্যাচে অর্জন করেছে ৪২ পয়েন্ট। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তালিকার তিনে আছে লিভারপুল। চারে থাকা আর্সেনালের সংগ্রহ ৩৫ পয়েন্ট।