বছরের প্রথম সেঞ্চুরিয়ান কনওয়েকে ফেরালেন মুমিনুল
নতুন বছরের প্রথম দিনেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাট করতে নেমে বছরের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন কিউই ব্যাটার ডেভন কনওয়ে। তাকে আউট করেছেন মুমিনুল হক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২২৭ রান।
মুমিনুলের বলে লিটন দাসের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন কনওয়ে। এর আগে করেন ১২২ রান। লেগ সাইডের বল গ্লান্স করতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক করতে পারেনই তিনি। যে ভুলের খেসারত দিতে হয় সাজঘরে ফিরে।
.png)
এর আগে বে ওভালের মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। তাসকিন, শরিফুল ও ইবাদতকে নিয়ে সাজানো টাইগারদের পেস আক্রমণের শুরুটাও ভালোই ছিল। তাসকিন ও শরিফুল দুজনেই সুইং আদায় করে নেন। তবে প্রথম সাফল্য পান চোট কাটিয়ে টেস্ট দলে ফেরা শরিফুল।
কিউই ওপেনার ও ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথামকে দিনের চতুর্থ ওভারেই বিদায় করেন শরিফুল। তার ভেতরে ঢোকা বল ল্যাথামের (১) ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে প্যাডে লেগে যায় পেছনে। আর ঝাঁপিয়ে তা এক হাতে তালুবন্দি উইকেটরক্ষক লিটন দাস।
ল্যাথাম বিদায় নেয়ার পর উইকেটে থিতু হয়ে রানের ফোয়ারা ছোটান ইয়ং ও কনওয়ে। ইয়াং প্রথম রানের দেখা পান ২২ বল খেলে। কনওয়েও ২২ বলে রান করেন মাত্র ২। তবে ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন দুজনেই। ১০২ বলে জুটিতে ফিফটি রান আসে। প্রথম সেশনটা আর কোনো উইকেট হারাতে দেননি তারা।
আর কনওয়ে ও ইয়াং দ্বিতীয় সেশনে কিছুটা মারমুখী ভূমিকায় অবতীর্ন হন। মেহেদী হাসান মিরাজের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ১০১ বলে ফিফটি তুলে নেন কনওয়ে। পরে ১৩১ বলে ফিফটির দেখা পান ইয়াং। দুজনের জুটিতে আসে ১৩৮ রান।
ম্যাচে যখন প্রাধান্য বিস্তার প্রায় করে ফেলেছে নিউজিল্যান্ড, এমন সময় রান আউট হয়ে সাজঘরে ফেরেন ইয়াং। এর আগে খেলেন ৫২ রানের ইনিংস। বিপদজনক রস টেইলর ৩১ রানের বেশি করতে পারেননি।