ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান থেকে গত আগস্টে পাঁচ বছরের চুক্তিতে চেলসিতে ফেরেন লুকাকু। সম্প্রতি স্কাই ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে চেলসিতে টুখেলের খেলানোর ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এমনকি ক্যারিয়ারের একটা পর্যায়ে ইন্টারে ফেরার ইচ্ছার কথাও জানান এই ফরোয়ার্ড।
আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতা লুকাকুর এমন মন্তব্য ঠিকভাবে নেননি চেলসি কোচ টুখেল। প্রিমিয়ার লিগে রোববার লিভারপুলের বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুক্রবার সংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে কথা বলেছেন তিনি।
.png)
টুখেল বলেছেন, অবশ্যই বিষয়টি আমাদের পছন্দ হয়নি। এটি এমন পরিস্থিতি তৈরি করেছে, যা আমাদের জন্য ভালো কিছু নয়। কিন্তু আমরা এটিকে আরো বড় করে তুলতে চাই না। কী ঘটছে তা বোঝার চেষ্টা করতে আমরা সময় নিতে পারি।
তিনি আরো বলেন, রোমেলুর দৈনন্দিন কাজ, মনোভাব এবং আচরণে এমন কিছুর প্রতিফলন নেই। আলোচনা করার কিছু থাকলে নিজেদের মধ্যে আড়ালেই তা করতে হবে। প্রয়োজনে বিষয়টি নিয়ে আমি তার সঙ্গে আলোচনা করবো।
এই যাত্রায় চেলসিতে ফিরে এখন পর্যন্ত ১৮ ম্যাচে লুকাকু করেছেন সাত গোল। স্কাই ইতালিয়াতে বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাৎকারে, স্ট্যামফোর্ড ব্রিজে নিজের অবস্থা নিয়ে অসন্তুষ্টির কথা তুলে ধরেন তিনি।
লুকাকু বলেন, দুই বছর যখন আমি ইন্টারে ছিলাম, সেখানে কোচ ও পুষ্টিবিদদের সঙ্গে অনেক কাজ করেছি। এখন আমি শারীরিকভাবে ভালো আছি। কিন্তু আমি এখানে আমার অবস্থা নিয়ে খুশি নই, এটা স্বাভাবিক ব্যাপার।
তিনি আরো বলেন, আমার মনে হয়, কোচ ভিন্ন এক কৌশলে দলকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই আমার হাল ছেড়ে দিলে চলবে না, আমাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে, আরো পেশাদার হতে হবে।