ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে জোহানেসবার্গ টেস্টে খেলছেন না কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৬, ৩ জানুয়ারি ২০২২
যে কারণে জোহানেসবার্গ টেস্টে খেলছেন না কোহলি
বিরাট কোহলি

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস রচনার লক্ষ্য নিয়ে আজ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত। সবাইকে চমকে দিয়ে এ ম্যাচে খেলছেন না ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। হঠাৎ করে কোহলি না খেলায় প্রায় সকলেই অবাক হয়েছেন। কারণ তিনি যে খেলবেন না এমন আঁচ পাওয়া যায়নি টসের আগেও।

এ কারণে জোহানেসবার্গ টেস্ট দেখার জন্য আজ যারা টিভি ছেড়েছেন, একটু হলেও চমকে গিয়েছিলেন। ম্যাচের আগে সারি বেঁধে জাতীয় সংগীত গাওয়ার জন্য জাসপ্রিত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন কিংবা চেতেশ্বর পূজারাদের দেখা গেলেও ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা কোহলি। পরে জানা যায়, একাদশেই নেই তিনি।

পিঠের চোটের কারণে জোহানেসবার্গ টেস্টে খেলা হচ্ছে না কোহলির। তার জায়গায় এই টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন ওপেনার লোকেশ রাহুল। সহ অধিনায়ক হিসেবে থাকবেন পেসার জাসপ্রিত বুমরাহ।

Advertisement

অধিনায়ক হিসেবে নেমে শুরুটা বেশ ভালোই হয়েছে রাহুলের। টস জিতেছেন তিনি। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কোহলির জায়গায় একাদশে শেষ মুহূর্তে সুযোগ পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান হনুমা বিহারি।

ভারতের আগের টেস্টের একাদশের সঙ্গে এই টেস্টের একাদশে পার্থক্য এই একটাই। অন্যদিকে একাদশে দুটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। গত টেস্টের পর আচমকা অবসর নেয়া কুইন্টন ডি ককের জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটকিপার কাইল ভেরেইন। এছাড়া পেসার উইয়ান মাল্ডারের জায়গায় নেমেছেন ডুয়ান অলিভার। 

ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, রিশাভ পান্ট, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার (অধিনায়ক), এইডেন মার্করাম, কিগান পিটারসেন, রাসি ফন ডার ডুসেন, টেম্বা বাভুমা, কাইল ভেরেইন, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি ও ডুয়ান অলিভার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!