চলতি মাসের ২১ তারিখ থেকে মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর। এই আসরে ৯ শ্রীলংকান ক্রিকেটারের অংশ নেয়ার কথা ছিল। বিপিএলের এবারের আসরে লংকান ক্রিকেটারদের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘শ্রীলংকার ফিউচার ট্যুর প্ল্যানের কারণে এসএলসি তাদের খেলোয়াড়দের বিপিএলে খেলার অনুমতি দিচ্ছে না।’
.png)
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, হুট করে লংকান ক্রিকেটারদের ভেতর অবসর নেয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে এসএলসি।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটার পর পর অবসরে ঘোষণা করেছেন। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্যই তারা অবসরে গেছেন- এমনটাই ভাবছে লংকান ক্রিকেট বোর্ড।
এরই মধ্যে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা লংকান খেলোয়াড়দের বিকল্প খেলোয়াড় খুঁজতে শুরু করেছে। ফরচুন বরিশাল দানুশকা গুনাথিলাকার পরিবর্তে ডোয়াইন ব্রাভোকে দলে ভিড়িয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ানস দলে ভিড়িয়েছিল কুশাল মেন্ডিসকে। গুনাথিলাকা ছাড়াও নিরোশান ডিকওয়েলাকে দলে টানে বরিশাল।
দিনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো পেরেরার সিলেট সানরাইজার্সে খেলার কথা ছিল। এছাড়া থিসারা পেরেরা, ভানুকা রাজাপাকসে ও সেকুগে প্রসন্নকে দলে নেয় খুলনা টাইগার্স। আর ইসুরু উদানাকে দলে নিয়েছিল ঢাকা স্টার্স।